ইসলামপুরে পার্টি অফিস দখলমুক্ত ঘিরে উত্তেজনা, কাউন্সিলরের স্বামীর দিকে ডিম ছোড়ার অভিযোগ
ইসলামপুর শহরের মিলনপল্লি এলাকায় পার্টি অফিস দখলমুক্ত করাকে কেন্দ্র করে রবিবার ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের একাংশের উদ্যোগে দীর্ঘদিনের বিতর্কিত ওই অফিসটি দখলমুক্ত করে প্রয়াত প্রাক্তন কাউন্সিলর নীলকমল দাসের নামে নামাঙ্কিত করা হয়েছে বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তৈরি হয় তীব্র উত্তেজনা ও চাপা ক্ষোভ।অভিযোগ, পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার সময় ইসলামপুর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঙ্গীতা সাহা দাসের স্বামী বিক্রম দাসের দিকে ডিম ছোড়া হয়।
ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে বচসা ও উত্তেজনা তৈরি হলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইসলামপুর থানার পুলিশ। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে এলাকায় শান্তি বজায় রাখার চেষ্টা করে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০০৫ সালে নিতিশ দাস নামে এক ব্যক্তি নীলকমল দাসের কাছে ওই জমি বিক্রি করেছিলেন। পরবর্তীতে ২০২২ সালের পুরসভা নির্বাচনের আগে ওই জমিতে থাকা অফিসটি কাউন্সিলরের স্বামী বিক্রম দাস দখল করেন বলে স্থানীয়দের একাংশের অভিযোগ।স্থানীয় বাসিন্দাদের দাবি, রবিবার তাঁরা একত্রিত হয়ে ওই অফিসটি দখলমুক্ত করেন। এরপর সেটি প্রয়াত নীলকমল দাসের পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয় বলে জানা গিয়েছে। পাশাপাশি অফিসটির নামও নীলকমল দাসের নামে করা হয়।ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক মহলেও চর্চা শুরু হয়েছে। যদিও জমি ও অফিসের দখল নিয়ে ওঠা অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য এখনও পাওয়া যায়নি। ফলে প্রকৃত ঘটনা নিয়ে তৈরি হয়েছে প্রশ্নও।রবিবারের ঘটনার পর মিলনপল্লি এলাকায় এখনও চাপা উত্তেজনা রয়েছে। যেকোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ইসলামপুর থানার পুলিশ গোটা পরিস্থিতির উপর নজর রাখছে।
