ইসলামপুরে তৃণমূলের সাংবাদিক সম্মেলন: জনমুখী বাজেটের প্রশংসা, লক্ষ্মী ভান্ডার বাড়তি অনুদানে খুশি মহিলারা

নিজস্ব প্রতিনিধি, ইসলামপুর:ইসলামপুর তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে রাজ্য বাজেট নিয়ে এক সাংবাদিক সম্মেলন করেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল আগারওয়াল। সম্মেলনে তিনি বলেন, রাজ্য সরকারের পেশ করা বাজেট সম্পূর্ণরূপে জনমুখী এবং সাধারণ মানুষের কথা মাথায় রেখেই এই বাজেট প্রণয়ন করা হয়েছে।

এই বাজেটের মাধ্যমে সমাজের সর্বস্তরের মানুষ উপকৃত হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।কানাইয়ালাল আগারওয়াল বিশেষভাবে উল্লেখ করেন, মহিলাদের জন্য রাজ্য সরকারের লক্ষ্মী ভান্ডার প্রকল্পে মাসিক অনুদান আরও ৫০০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত একটি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। এর ফলে রাজ্যের লক্ষ লক্ষ মহিলা আর্থিকভাবে আরও স্বনির্ভর হবেন এবং সংসারের নিত্যপ্রয়োজনীয় খরচ চালাতে বাড়তি সুবিধা পাবেন। এই ঘোষণার পর রাজ্যজুড়ে মহিলাদের মধ্যে ব্যাপক খুশি ও উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার শুরু থেকেই সাধারণ মানুষ, বিশেষত মহিলাদের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে কাজ করে চলেছে। বর্তমান বাজেট সেই ধারাবাহিকতারই স্পষ্ট প্রমাণ। তৃণমূল কংগ্রেস আগামী দিনেও মানুষের পাশে থেকে উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নে অগ্রণী ভূমিকা নেবে বলেও তিনি জানান।