আদালতের রায়, রাজনৈতিক পালাবদল পেরিয়ে অবশেষে শপথ! ডালখোলা পৌরসভার নতুন পৌরপতি তনয় দে, উৎসবের আবহে দায়িত্ব গ্রহণ

ডালখোলা পৌরসভার দীর্ঘদিনের রাজনৈতিক টানাপোড়েন, প্রশাসনিক জটিলতা এবং আদালতের লড়াইয়ের অবসান ঘটিয়ে অবশেষে বুধবার আনুষ্ঠানিকভাবে পৌরপতি হিসেবে শপথ গ্রহণ করলেন তনয় দে (পিঙ্কু)। ডালখোলা পৌরসভা প্রাঙ্গণে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে সকাল থেকেই কর্মী-সমর্থকদের ভিড়, উচ্ছ্বাস এবং উৎসবের আবহ চোখে পড়ে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করণদীঘির নবনির্বাচিত বিজেপি বিধায়ক বিরাজ বিশ্বাস, পৌরসভার কাউন্সিলারবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব, প্রশাসনিক আধিকারিক এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ।

শপথ গ্রহণের মুহূর্তে উপস্থিত সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। ফুলের তোড়া, করতালি এবং শুভেচ্ছাবার্তায় মুখর হয়ে ওঠে পুরো পৌরসভা চত্বর।স্থানীয় রাজনৈতিক মহলের মতে, এই শপথ গ্রহণ শুধুমাত্র একটি প্রশাসনিক প্রক্রিয়া নয়, বরং সাম্প্রতিক রাজনৈতিক পালাবদলেরও এক গুরুত্বপূর্ণ প্রতীক। গত লোকসভা নির্বাচনে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী কার্তিকচন্দ্র পাল জয়লাভ করার পর থেকেই ডালখোলা পৌরসভা এলাকায় রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন দেখা দেয়। যেহেতু ডালখোলা পৌরসভা রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের অন্তর্গত, তাই ওই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের আশানুরূপ ফল না হওয়ায় দলের অন্দরেই চাপ বাড়তে থাকে।রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সেই ফলাফলের দায় স্বীকার করেই তৎকালীন পৌরপতি স্বদেশ সরকার পদত্যাগ করেন। এরপর নতুন পৌরপতি হিসেবে তনয় দের নাম সামনে আসে এবং তিনি নির্বাচিত হন। কিন্তু নির্বাচিত হওয়ার পরও তাঁর শপথ গ্রহণ প্রক্রিয়া সহজ হয়নি।সূত্রের খবর, দলীয় অন্দরের মতবিরোধ এবং রাজনৈতিক দ্বন্দ্বের জেরে দীর্ঘদিন ধরে তাঁর শপথ গ্রহণ আটকে ছিল। রাজনৈতিক মহলের একাংশের দাবি, তনয় দে প্রাক্তন বিধায়কের ঘনিষ্ঠ শিবিরের পছন্দের প্রার্থী না হওয়ায় তাঁকে ঘিরে জটিলতা তৈরি হয়েছিল। পরিস্থিতি ক্রমশ জটিল আকার ধারণ করলে শেষপর্যন্ত আদালতের দ্বারস্থ হন তনয় দে।পরবর্তীতে আদালত তাঁর পক্ষে রায় দিলে শপথ গ্রহণের পথ প্রশস্ত হয়। তবে এর মধ্যেই রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিতে আরও বড় পরিবর্তন আসে। করণদীঘি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম পালকে পরাজিত করে বিজেপি প্রার্থী বিরাজ বিশ্বাস জয়ী হন। বিধায়ক নির্বাচিত হওয়ার পর তিনি ডালখোলা পৌরসভা পরিদর্শনে এসে দ্রুত পৌরপতির শপথ গ্রহণ সম্পন্ন করার আশ্বাস দিয়েছিলেন।অবশেষে সমস্ত আইনি ও রাজনৈতিক জটিলতার অবসান ঘটিয়ে বুধবার আনুষ্ঠানিকভাবে ডালখোলা পৌরসভার পৌরপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তনয় দে।শপথ গ্রহণের পর নিজের বক্তব্যে তনয় দে বলেন, “ডালখোলার উন্নয়ন, নাগরিক পরিষেবার মানোন্নয়ন এবং সাধারণ মানুষের সমস্যার দ্রুত সমাধান করাই হবে আমার প্রধান লক্ষ্য। রাজনৈতিক বিভাজন ভুলে সকলকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।”তিনি আরও জানান, পৌর এলাকার রাস্তা, পানীয় জল, নিকাশি ব্যবস্থা, স্বাস্থ্য পরিষেবা এবং শহরের সামগ্রিক পরিকাঠামোগত উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।