অন্নপূর্ণার টাকা নিয়ে ক্ষোভ! ইসলামপুর পৌরসভায় মহিলাদের বিক্ষোভ, দ্রুত অর্থ প্রদানের দাবি

ইসলামপুর: অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগকে কেন্দ্র করে ইসলামপুর পৌরসভায় বিক্ষোভ দেখালেন পৌর এলাকার একাধিক মহিলা। শুক্রবার পৌরসভার সামনে জড়ো হয়ে তাঁরা দ্রুত অন্নপূর্ণা যোজনার টাকা তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার দাবি জানান।বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ, একই যোজনার আওতায় থাকা বহু মহিলার অ্যাকাউন্টে টাকা জমা পড়লেও তাঁদের অনেকের অ্যাকাউন্টে এখনও পর্যন্ত কোনও টাকা ঢোকেনি।

তাঁদের দাবি, যোজনার জন্য প্রয়োজনীয় কাগজপত্র আগেই জমা দেওয়া হয়েছে। এমনকি সমস্যার কথা জানাতে তাঁরা একাধিকবার পৌরসভায় এসেছেন। কিন্তু তারপরও তাঁদের অ্যাকাউন্টে টাকা জমা পড়েনি বলে অভিযোগ।অবিলম্বে সমস্যার সমাধান করে প্রাপ্য টাকা দেওয়ার দাবি জানিয়ে পৌরসভার সামনে সরব হন মহিলারা। তাঁদের অভিযোগ, টাকা না পাওয়ার বিষয়টি জানতে গেলে ইনকোয়ারির নামে তাঁদের বারবার পৌরসভায় আসতে হচ্ছে।এদিকে, বিজেপি নেতৃত্বের অভিযোগ, অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়া মহিলাদের ইনকোয়ারির নামে পৌরসভায় হয়রানি করা হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোরও তৈরি হয়েছে।অন্যদিকে, ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল বিক্ষোভকারী মহিলাদের আশ্বস্ত করে বলেন, সরকার যেভাবে নির্দেশ দেবে, সেই অনুযায়ী পৌরসভার পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি স্বীকার করেন, অনেক মহিলার অ্যাকাউন্টে এখনও অন্নপূর্ণা যোজনার টাকা ঢোকেনি। সেই কারণেই তাঁরা পৌরসভায় এসে নিজেদের সমস্যার কথা জানিয়েছেন।অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়া নিয়ে তৈরি হওয়া জটিলতার দ্রুত নিষ্পত্তি করে যোগ্য প্রাপকদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়ার দাবি জানিয়েছেন বিক্ষোভকারী মহিলারা। এখন সমস্যার সমাধানে প্রশাসন কী পদক্ষেপ নেয়, সেদিকেই তাকিয়ে রয়েছেন তাঁরা।