এশিয়ান গেমসে পাকিস্তানকে ৩-০ উড়িয়ে বাংলার সুতীর্থার দাপট! মাদরালের বাড়িতে খুশির হাওয়া, মায়ের চোখে এবার অলিম্পিকের স্বপ্ন
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ: এশিয়ান গেমসের মঞ্চে আরও একবার বাংলার নাম উজ্জ্বল করলেন টেবিল টেনিস তারকা সুতীর্থা মুখোপাধ্যায়। পাকিস্তানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করে সরাসরি তিন গেমে আলিনা খানকে পরাজিত করে ভারতকে এগিয়ে দেন বাংলার এই মেয়ে। সুতীর্থার দাপুটে পারফরম্যান্সের পর শেষ পর্যন্ত পাকিস্তানকে ৩-০ ব্যবধানে হারিয়ে এশিয়ান গেমসের মহিলা টেবিল টেনিসে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় ভারত।

পাকিস্তানের আলিনা খানের বিরুদ্ধে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন সুতীর্থা। প্রথম গেমে ১১-৩, দ্বিতীয় গেমেও ১১-৩ এবং তৃতীয় গেমে ১১-৪ ব্যবধানে জয় তুলে নিয়ে মাত্র কয়েক মিনিটের মধ্যেই ভারতকে এগিয়ে দেন তিনি। পুরো ম্যাচে প্রতিপক্ষকে কোনও গেম জিততে দেননি বাংলার এই প্যাডলার।সুতীর্থার এই সাফল্যের খবর পৌঁছতেই তাঁর উত্তর ২৪ পরগনার ভাটপাড়া পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডের মাদরাল এলাকার বাড়িতে খুশির আবহ তৈরি হয়। প্রতিবেশীদের মধ্যেও দেখা যায় উচ্ছ্বাস। মেয়ের খেলা দেখতে দেখতে গর্বিত মা জানালেন, পাকিস্তানের বিরুদ্ধে মেয়ের জয় তাঁদের কাছে অত্যন্ত আনন্দের খবর। তবে এখানেই থামতে নারাজ পরিবার। সামনে আরও গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে, আর সেই লড়াইয়ে সুতীর্থাকে আরও এগিয়ে যেতে দেখতে চান তাঁর মা।সুতীর্থার মা বলেন, “মেয়ে পাকিস্তানকে হারিয়েছে, এটা খুবই আনন্দের খবর। এই নিয়ে ও তিনটি এশিয়ান গেমস খেলছে। চাই ও চ্যাম্পিয়ন হয়ে ফিরুক। পরপর আরও খেলা রয়েছে। আমাদের লক্ষ্য এখন আগামী অলিম্পিক।”মেয়ের আন্তর্জাতিক সাফল্যের পাশাপাশি রাজ্য সরকারের সহযোগিতার কথাও উল্লেখ করেন তিনি। তাঁর দাবি, ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ সুতীর্থার সঙ্গে কথা বলেছেন। পাশাপাশি নতুন সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মেয়েকে তিন লক্ষ টাকা আর্থিক সহায়তা দিয়েছেন বলেও জানান তিনি।এদিকে এশিয়ান গেমসের মঞ্চে ভারতীয় মহিলা টেবিল টেনিস দলের দুর্দান্ত পারফরম্যান্সে সুতীর্থার পাশাপাশি সিন্ড্রেলা দাস এবং শ্রীজা আকুলার জয়ও গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। পাকিস্তানের বিরুদ্ধে তিনটি ম্যাচেই ভারতীয় খেলোয়াড়রা সরাসরি তিন গেমে জয় পান। ফলে ৩-০ ব্যবধানে জয় নিয়ে গ্রুপ এফ-এর শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যায় ভারত।বাংলার মেয়ের এই সাফল্যে এখন মাদরাল থেকে গোটা বাংলার ক্রীড়াপ্রেমীদের নজর পরবর্তী ম্যাচের দিকে। এশিয়ান গেমসের মঞ্চে আরও সাফল্য এবং আগামী দিনে অলিম্পিকের স্বপ্ন—সুতীর্থার র্যাকেটের দিকে তাকিয়ে এখন তাঁর পরিবার থেকে শুরু করে অগণিত ক্রীড়াপ্রেমী।

