অবশেষে স্বস্তি! নিউ ফরাক্কায় রেললাইন সংস্কার শেষ, শুরু ট্রায়াল রান—আজ সন্ধ্যাতেই ট্রেন চলার আশায় উত্তরবঙ্গ
নিউ ফরাক্কা, ৫ সেপ্টেম্বর: অবশেষে মিলল স্বস্তির খবর। উত্তর ও দক্ষিণবঙ্গের মধ্যে গুরুত্বপূর্ণ রেল যোগাযোগ ফের স্বাভাবিক হওয়ার পথে। নিউ ফরাক্কায় রেললাইন সংস্কারের কাজ শেষ করে শুরু হয়ে গেল ট্রায়াল রান।
তৎপরতায় দিন-রাত এক করে কাজ চালিয়ে নির্ধারিত সময়ের মধ্যেই সংস্কারের কাজ শেষ করেছেন রেলকর্মীরা।লাইন সংস্কারের কাজ শেষ হওয়ার পরই পরীক্ষামূলকভাবে ট্রেন চালিয়ে রেলপথের পরিস্থিতি খতিয়ে দেখা শুরু হয়। ট্রায়াল রান সফলভাবে শুরু হতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন সেখানে উপস্থিত রেলকর্মীরা। তাঁদের মুখে ফুটে ওঠে দীর্ঘ পরিশ্রমের পর স্বস্তি ও সাফল্যের হাসি।

ট্রায়াল রান শুরু হওয়ার মুহূর্তে ‘ভারত মাতা কি জয়’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা।নিউ ফরাক্কায় রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ নিয়ে তৈরি হয়েছিল ব্যাপক অনিশ্চয়তা। একাধিক ট্রেনের পরিষেবা ব্যাহত হওয়ায় চরম সমস্যায় পড়েছিলেন যাত্রীরা। বিশেষ করে উত্তরবঙ্গ থেকে কলকাতা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে যাতায়াতকারী যাত্রীদের মধ্যে তৈরি হয়েছিল উদ্বেগ।পরিস্থিতির গুরুত্ব বুঝে দ্রুততার সঙ্গে রেললাইন সংস্কারের কাজে নামে রেল কর্তৃপক্ষ। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় মেরামতির কাজ। প্রচণ্ড পরিশ্রম করে অবশেষে সেই কাজ শেষ করতে সক্ষম হন রেলকর্মীরা। এরপরই শুরু হয় ট্রায়াল রান।রেলের তরফে ট্রায়াল রান সফল হওয়ার পর পরিষেবা স্বাভাবিক করার বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা যাচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে আজ সন্ধ্যা থেকেই ফের ট্রেন চলাচল শুরু হতে পারে বলে আশা করা হচ্ছে।ট্রেন পরিষেবা ফের চালু হলে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ অনেকটাই স্বাভাবিক হবে। স্বাভাবিকভাবেই দীর্ঘ অপেক্ষার পর রেল পরিষেবা ফেরার সম্ভাবনায় যাত্রীদের মধ্যেও তৈরি হয়েছে স্বস্তি ও আশার পরিবেশ।সংস্কারের কাজ শেষ, ট্রায়াল রান শুরু—এবার শুধু অপেক্ষা ট্রেনের চাকা ফের গড়ানোর।
