ওড়িশার পারাদ্বীপের আদুরেই ডুবে গেলো পণ্যবাহী জাহাজ – মৃত ২২ জন

এই ভয়ঙ্কর ঘটনায় স্তম্ভিত সকলেই। এভাবে ২২ জন মানুষের মৃত্যু কিছুতেই মেনে নেওয়ার যায় না। সূত্রের খবর পণ্যবাহী জাহাজটি সিঙ্গাপুরে যাচ্ছিলো। জানা গিয়েছে, শুক্রবার ওড়িশা উপকূল থেকে যাত্রা শুরু করেছিল জাহাজটি। ওই জাহাজে লৌহ আকরিক বোঝাই ছিল এবং সেটি সিঙ্গাপুরের উদ্দেশে যাচ্ছিল।

ভারতীয় উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, শনিবার জাহাজটির সঙ্গে আচমকাই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে জানা যায়, ওড়িশার পারাদ্বীপ উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরে জাহাজটি ডুবে গিয়েছে। জাহাজটিতে মোট ২৪ জন ক্রু সদস্য ছিলেন। তাঁদের মধ্যে ২০ জন চিনা নাগরিক, তিনজন মায়ানমারের এবং একজন বাংলাদেশের নাগরিক। প্রথমদিকে ঠিক কতজনকে উদ্ধার করা হয়েছে, তা নিয়ে স্পষ্ট তথ্য পাওয়া যাচ্ছিল না। পরে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী নিশ্চিত করে, দু’জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকি ২২ জনের খোঁজে তল্লাশি চলছে। জাহাজের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার খবর পেয়েই উদ্ধার অভিযান শুরু করে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। পরে ভারতীয় নৌসেনাও তাতে যোগ দেয়। ওই এলাকার আশপাশে থাকা অন্য জাহাজগুলিকেও সতর্ক করা হয় এবং তল্লাশি অভিযানে সাহায্য করতে বলা হয়।

খবর পেয়ে উদ্ধারকার্যে নামে ভারতীয় উপকূলরক্ষী বাহিনির দু’টি জাহাজ ‘বরদ’ এবং ‘অনমোল’। এছাড়া শ্রী বিজয়া পুরম থেকে ‘বিজিত’ নামের জাহাজকে সহায়তার জন্য পাঠানো হয়। শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, উদ্ধারকাজ এখনও জারি রয়েছে। তবে কী কারণে জাহাজটি ডুবে গেল, তা এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।