ইসলামপুরে আত্মরক্ষার পাঠ! ক্যারাটের কৌশলে মুগ্ধ দর্শক, সচেতন করলেন বিএসএফ আধিকারিকরা

ইসলামপুরের রামকৃষ্ণ পল্লি দুর্গামণ্ডপের প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো আত্মরক্ষার বিশেষ প্রদর্শনী ও সচেতনতা কর্মসূচি। এদিন ক্যারাটের বিভিন্ন আত্মরক্ষামূলক কলাকৌশল প্রদর্শন করে প্রশিক্ষক ও ছাত্রছাত্রীরা। অনুষ্ঠানে খুদে ক্যারাটেকারদের দুর্দান্ত পারফরম্যান্স বিশেষভাবে নজর কাড়ে উপস্থিত দর্শকদের।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামপুরের সোনামতি বিএসএফ ক্যাম্পের আধিকারিকরা। আত্মরক্ষার গুরুত্ব তুলে ধরার পাশাপাশি জরুরি পরিস্থিতিতে কীভাবে নিজেকে নিরাপদ রাখা যায়, সে বিষয়েও উপস্থিত ছাত্রছাত্রী ও অভিভাবকদের সচেতন করেন বিএসএফ আধিকারিকরা।বক্তব্য রাখতে গিয়ে তাঁরা জানান, বর্তমানে মানব পাচার এবং মাদকাসক্তির মতো সামাজিক সমস্যা ক্রমশ ভয়ংকর আকার ধারণ করছে। এই পরিস্থিতিতে বিশেষ করে শিশু ও কিশোর-কিশোরীদের আত্মরক্ষার কৌশল সম্পর্কে সচেতন ও প্রশিক্ষিত হওয়া অত্যন্ত জরুরি। বিপদের সময় কীভাবে পরিস্থিতি সামাল দিতে হবে এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, সেই বিষয়েও নানা পরামর্শ দেওয়া হয়।এদিন ক্যারাটের প্রশিক্ষক ও প্রশিক্ষণরত ছাত্রছাত্রীদের পাশাপাশি খুদে ক্যারাটেকাররাও বিভিন্ন আত্মরক্ষামূলক কৌশল প্রদর্শন করে। তাদের আত্মবিশ্বাস, ক্ষিপ্রতা ও দক্ষতার প্রদর্শনী উপস্থিত সকলের প্রশংসা কুড়িয়ে নেয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামপুর পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফিরোজ আহমেদ, বিশিষ্ট সমাজসেবী ও ব্যবসায়ী সুদেব নন্দী, ক্যারাটে প্রশিক্ষক প্রদীপ সরকার-সহ বিএসএফের বিভিন্ন আধিকারিক ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।উদ্যোক্তাদের বক্তব্য, শিশুদের আত্মবিশ্বাস বৃদ্ধি, বিপদের সময় দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং আত্মরক্ষার দক্ষতা গড়ে তুলতে এই ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী দিনেও এমন সচেতনতামূলক কর্মসূচি চালিয়ে যাওয়ার বার্তা দেন তাঁরা।