রাজবংশী মহিলাদের নিয়ে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে কালিয়াগঞ্জ থানায় মহিলাদের বিক্ষোভ, লিখিত অভিযোগ

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ, ১৯ আগস্ট:রাজবংশী সমাজের মহিলাদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর ও আপত্তিকর মন্তব্যের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল কালিয়াগঞ্জে। ঘটনার প্রতিবাদে বুধবার দুপুরে কালিয়াগঞ্জ থানার সামনে বিক্ষোভ দেখালেন রাজবংশী সমাজের মা ভবানী কমিটির মহিলা সদস্যরা।জানা যায়, ধনকোল হাট ময়দান থেকে রাজবংশী সমাজের মা ভবানী কমিটির মহিলা সদস্যরা একটি বিশাল মিছিল বের করেন।

 

মিছিলটি কালিয়াগঞ্জ থানার সামনে পৌঁছানোর পর তাঁরা সোশ্যাল মিডিয়ায় রাজবংশী মহিলাদের সম্পর্কে করা কথিত কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ শুরু করেন।বিক্ষোভকারীদের অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় রাজবংশী সমাজের মহিলাদের উদ্দেশে অত্যন্ত আপত্তিকর ও অসম্মানজনক মন্তব্য করা হয়েছে। এর বিরুদ্ধে অভিযুক্তদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবিতে কালিয়াগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তাঁরা।মহিলা সদস্যরা কালিয়াগঞ্জ থানার আইসি অভিজিৎ দত্তের কাছে তাঁদের অভিযোগ তুলে ধরেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপের দাবি জানান। পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা তাঁদের আন্দোলন প্রত্যাহার করে নেন।ঘটনাকে ঘিরে এদিন কালিয়াগঞ্জ থানার সামনে বেশ কিছুক্ষণ উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হলেও পুলিশের আশ্বাসের পর পরিস্থিতি স্বাভাবিক হয়।