জাতীয় আদমসুমারিতে ডিজিটাল যুগের সূচনা! উত্তর দিনাজপুরে স্ব–গণনা প্রশিক্ষণে নিজেই প্রক্রিয়া সম্পন্ন করে দেখালেন জেলাশাসক

জাতীয় আদমসুমারিকে আরও নির্ভুল, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করে তুলতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল উত্তর দিনাজপুর জেলা প্রশাসন। স্ব-গণনা (Self Enumeration) প্রক্রিয়া সম্পর্কে সরকারি আধিকারিক ও সংশ্লিষ্ট কর্মীদের দক্ষ করে তুলতে বুধবার কর্ণজোড়ায় জেলা শাসকের দপ্তরের স্বামী বিবেকানন্দ সভাকক্ষে আয়োজিত হল একটি বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি।প্রশিক্ষণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন উত্তর দিনাজপুরের জেলাশাসক অভিজিৎ শেভালে।

উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিক, জেলা পুলিশের প্রতিনিধিসহ প্রশাসনের একাধিক দায়িত্বপ্রাপ্ত কর্মী। পাশাপাশি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে জেলার বিভিন্ন ব্লকের বিডিও, প্রশাসনিক আধিকারিক এবং সংশ্লিষ্ট কর্মীরাও এই প্রশশিক্ষণে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন জেলাশাসক নিজেই। তিনি হাতে-কলমে স্ব-গণনার সম্পূর্ণ প্রক্রিয়া ধাপে ধাপে প্রদর্শন করে দেখান এবং কীভাবে সাধারণ নাগরিকরা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে নিজের ও পরিবারের তথ্য সহজেই নথিভুক্ত করতে পারবেন, তা বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন।জেলাশাসক জানান, প্রযুক্তিনির্ভর এই স্ব-গণনা ব্যবস্থার ফলে নাগরিকরা নিজেদের সুবিধামতো সময়ে পরিবারের তথ্য অনলাইনে জমা দিতে পারবেন। এতে তথ্য সংগ্রহের কাজ যেমন দ্রুত সম্পন্ন হবে, তেমনি তথ্যের নির্ভুলতা ও স্বচ্ছতাও অনেকাংশে বৃদ্ধি পাবে।

 

তিনি আরও জানান, যাঁরা স্ব-গণনা করতে পারবেন না বা ডিজিটাল মাধ্যমে তথ্য জমা দিতে অসুবিধার সম্মুখীন হবেন, তাঁদের বাড়িতে নির্ধারিত সময়ে সেন্সাস গণনাকারীরা পৌঁছে গিয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন।প্রশিক্ষণ চলাকালীন স্ব-গণনার বিভিন্ন ধাপ, তথ্য সুরক্ষা, অনলাইন নিবন্ধন এবং নাগরিকদের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আধিকারিকদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন জেলাশাসক ও সংশ্লিষ্ট দপ্তরের বিশেষজ্ঞরা।

 

জেলা প্রশাসনের মতে, এই প্রশিক্ষণের মাধ্যমে সরকারি আধিকারিকদের দক্ষতা ও প্রস্তুতি আরও সুদৃঢ় হবে। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে স্ব-গণনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাবে, যা আসন্ন জাতীয় আদমসুমারিকে আরও সফল, নির্ভুল এবং সময়োপযোগী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।