১৬ বছর পর শুরু জাতীয় জনগণনার প্রস্তুতি, কালিয়াগঞ্জ পৌরসভায় জোরকদমে প্রশিক্ষণ— ১ আগস্ট থেকে শুরু বাড়ি ম্যাপিং
তন্ময় চক্রবর্তী :-দীর্ঘ ১৬ বছর পর দেশে আবার শুরু হতে চলেছে জাতীয় জনগণনার কাজ। ভারত সরকারের উদ্যোগে জনগণনার প্রথম পর্যায়ের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে। সেই লক্ষ্যে কালিয়াগঞ্জ পৌরসভায় সুপারভাইজার ও এনুমারেটরদের (Enumerator) নিবিড় প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে। প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণকারীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।
উল্লেখ্য, ভারতে প্রথম জনগণনা শুরু হয় ১৮৮১ সালে ব্রিটিশ আমলে। এরপর প্রতি দশ বছর অন্তর নিয়মিত জনগণনা অনুষ্ঠিত হলেও, বিভিন্ন কারণে ২০২১ সালের জনগণনা সম্পন্ন করা সম্ভব হয়নি। ফলে দীর্ঘ ১৬ বছর পর আবার এই গুরুত্বপূর্ণ জাতীয় কর্মসূচি শুরু হতে চলেছে। বিশেষজ্ঞদের মতে, দেশের জনসংখ্যা, সামাজিক ও অর্থনৈতিক অবস্থার সঠিক তথ্যের ভিত্তিতেই বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প, সরকারি পরিষেবা এবং বাজেট বরাদ্দের পরিকল্পনা করা হয়। তাই জনগণনা দেশের উন্নয়ন পরিকল্পনার অন্যতম প্রধান ভিত্তি।কালিয়াগঞ্জ পৌরসভা এলাকায় জনগণনার সুবিধার্থে প্রতিটি ওয়ার্ডকে একাধিক ভাগে বিভক্ত করে মোট ১৩০টি এনুমারেশন ব্লক (ইবি) তৈরি করা হয়েছে। প্রতিটি ব্লকের জন্য একজন করে প্রশিক্ষিত এনুমারেটর নিয়োগ করা হবে। এছাড়াও ১৩ জনকে রিজার্ভ রাখা হয়েছে। গোটা কাজের তদারকির জন্য দায়িত্ব দেওয়া হয়েছে ২০ জন সুপারভাইজারকে।জানা গিয়েছে, গত ১৫ জুলাই থেকে কালিয়াগঞ্জ পৌরসভায় এই প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। তিন দিন করে প্রতিটি ব্যাচের প্রশিক্ষণ চলছে এবং ২৬ জুলাই পর্যন্ত এই পর্ব চলবে। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের জনগণনার নিয়মাবলি, তথ্য সংগ্রহের পদ্ধতি, ডিজিটাল তথ্য নথিভুক্তিকরণ এবং বাড়ি চিহ্নিতকরণের বিভিন্ন বিষয় হাতে-কলমে শেখানো হচ্ছে।প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আগামী ১ আগস্ট থেকে প্রথম পর্যায়ে বাড়ি ম্যাপিং ও বাড়ি চিহ্নিতকরণের কাজ শুরু হবে। এরপর দ্বিতীয় পর্যায়ে বাড়ি বাড়ি গিয়ে পরিবারের সদস্য সংখ্যা, সামাজিক ও অর্থনৈতিক তথ্যসহ বিভিন্ন তথ্য সংগ্রহ করা হবে। এনুমারেটর হিসেবে মূলত শিক্ষক-শিক্ষিকা এবং পৌরসভার বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মীদের নিযুক্ত করা হয়েছে।এদিনের প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পৌরসভার কমিশনার গৌতম বিশ্বাস, পৌরসভার কমিশনার গৌরাঙ্গ দাস-সহ অন্যান্য আধিকারিকরা। প্রশিক্ষণপ্রাপ্তদের উদ্দেশ্যে তাঁরা জনগণনার গুরুত্ব এবং নির্ভুল তথ্য সংগ্রহের প্রয়োজনীয়তার উপর জোর দেন।প্রশিক্ষণ শিবির শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কালিয়াগঞ্জ পৌরসভার কমিশনার গৌতম বিশ্বাস বলেন,“জনগণনা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় কর্মসূচি। সরকারের উন্নয়নমূলক পরিকল্পনা, শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো, পানীয় জল, আবাসন-সহ বিভিন্ন ক্ষেত্রে ভবিষ্যৎ পরিকল্পনা এই জনগণনার তথ্যের উপর নির্ভর করে। তাই প্রতিটি তথ্য যেন নির্ভুলভাবে সংগ্রহ করা হয়, সেই লক্ষ্যেই প্রশিক্ষণের মাধ্যমে এনুমারেটর ও সুপারভাইজারদের প্রস্তুত করা হচ্ছে। কালিয়াগঞ্জ পৌরসভা এই কাজ সফলভাবে সম্পন্ন করতে সম্পূর্ণভাবে প্রস্তুত।”তিনি আরও বলেন, “সাধারণ মানুষের সহযোগিতা ছাড়া জনগণনার মতো বৃহৎ কর্মসূচি সফল করা সম্ভব নয়। তাই সকলের কাছে আবেদন, জনগণনার সময় সঠিক তথ্য দিয়ে সরকারি কর্মীদের সহযোগিতা করুন। এই তথ্যই আগামী দিনের উন্নয়নের রূপরেখা নির্ধারণ করবে।”

