উত্তর দিনাজপুরে ‘রোজগার মেলা–২০২৬’, দক্ষ যুবসমাজ গড়ে তুলতে প্রশিক্ষণপ্রাপ্তদের সংবর্ধনা জেলা প্রশাসনের

রায়গঞ্জ, ২২ জুলাই: পশ্চিমবঙ্গ সরকারের কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দপ্তরের উদ্যোগে বুধবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের কর্ণজোড়া অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল ‘রোজগার মেলা–২০২৬’।

 

জেলার যুবসমাজকে দক্ষ করে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন করা হয়।অনুষ্ঠানে জানানো হয়, চলতি বছরে স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিংয়ের জন্য ৫ হাজারেরও বেশি প্রশিক্ষণার্থী (Trainee) সরকারি পোর্টালে নাম নথিভুক্ত করেছেন। বর্তমানে উত্তর দিনাজপুর জেলায় ৩টি পলিটেকনিক, ৬টি আইটিআই এবং ৪৪টি বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট প্রশিক্ষণ কেন্দ্র নিয়মিতভাবে প্রশিক্ষণ প্রদান করছে।এ পর্যন্ত ১৯৫ জন প্রশিক্ষণার্থী সফলভাবে প্রশিক্ষণ সম্পূর্ণ করেছেন। তাঁদের হাতে এদিন উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রশিক্ষণ শংসাপত্র, স্মারক উপহার এবং পরিবেশ সচেতনতার বার্তা হিসেবে একটি করে চারা গাছ তুলে দিয়ে সংবর্ধনা জানানো হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলার জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসকবৃন্দ, কারিগরি শিক্ষা দপ্তরের আধিকারিক এবং অন্যান্য বিশিষ্ট প্রশাসনিক কর্তারা।বক্তারা বলেন, দক্ষতা উন্নয়নের মাধ্যমে যুবসমাজকে কর্মমুখী করে তোলাই রাজ্য সরকারের অন্যতম লক্ষ্য। সেই উদ্দেশ্যেই নিয়মিত স্কিল ডেভেলপমেন্ট প্রশিক্ষণ এবং রোজগার মেলার মাধ্যমে শিল্প প্রতিষ্ঠান ও প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের মধ্যে সংযোগ স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে।রোজগার মেলা–২০২৬ শুধু কর্মসংস্থানের সুযোগ তৈরির একটি মঞ্চ নয়, বরং দক্ষ, আত্মনির্ভর ও কর্মমুখী উত্তর দিনাজপুর গড়ে তোলার দিকেও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।