বিডিও অফিসে গাড়ি ভাড়া দিয়ে লাভের ব্যবসা! কালিয়াগঞ্জ ব্লক কর্মচারী সমবায় সমিতিকে ঘিরে তদন্তের দাবিতে জেলাশাসকের দ্বারস্থ এক নাগরিক

 

 কালিয়াগঞ্জ ব্লক এমপ্লয়িজ কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেডকে ঘিরে নতুন বিতর্কের সূত্রপাত হয়েছে। সরকারি কর্মচারীদের নিয়ে গঠিত এই সমবায় সমিতি লাভজনক বাণিজ্যিক কার্যকলাপে যুক্ত রয়েছে বলে অভিযোগ তুলে উত্তর দিনাজপুরের জেলাশাসকের কাছে প্রশাসনিক তদন্তের আবেদন জানিয়েছেন কালিয়াগঞ্জের এক নাগরিক ।

অভিযোগে বলা হয়েছে, সমবায় সমিতির নিজস্ব একটি গাড়ি নিয়মিত কালিয়াগঞ্জ ব্লক উন্নয়ন আধিকারিক (বিডিও) অফিসে ভাড়ায় দেওয়া হয়। তথ্যের সত্যতা যাচাই করতে তথ্যের অধিকার (RTI) আইনের মাধ্যমে সহকারী সমবায় নিবন্ধকের (ARCS) দপ্তর থেকে তথ্য সংগ্রহ করা হয়। সেখানে সমবায় সমিতির পক্ষ থেকেই লিখিতভাবে জানানো হয়েছে যে, তাদের উপবিধির আওতায় লাভজনক বাণিজ্যিক কার্যকলাপে অংশ নেওয়ার সুযোগ রয়েছে এবং তাদের একটি গাড়ি বিডিও অফিসে প্রয়োজন অনুযায়ী ভাড়ায় সরবরাহ করা হয়।জেলাশাসকের উদ্দেশ্যে পাঠানো আবেদনে প্রশ্ন তোলা হয়েছে, সরকারি কর্মচারীদের দ্বারা পরিচালিত একটি সমবায় সমিতির মাধ্যমে এ ধরনের লাভজনক ব্যবসায়িক কার্যকলাপ সরকারি পরিষেবা বিধি ও আচরণবিধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় প্রশাসনিক তদন্তের মাধ্যমে আইন বা সরকারি বিধি লঙ্ঘনের প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে। আবেদনকারী জানান, প্রশাসনের স্বচ্ছতা, জবাবদিহি এবং আইনের শাসন বজায় রাখার স্বার্থেই তিনি এই তদন্তের দাবি তুলেছেন। এখন জেলা প্রশাসন এই অভিযোগের ভিত্তিতে কী পদক্ষেপ গ্রহণ করে, সেদিকেই নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের।