ইসলামপুরে উন্নয়নের নতুন দিগন্ত, শীঘ্রই হতে পারে ইনডোর স্টেডিয়াম ও সুইমিং পুল: বিধায়ক কানাইলাল আগারওয়াল
ইসলামপুরের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের পরিকল্পনার কথা জানালেন ইসলামপুর বিধানসভার বিধায়ক তথা ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইলাল আগারওয়াল। তিনি জানান, ক্রীড়া ও যুব সমাজের বিকাশে ইসলামপুরে খুব শীঘ্রই একটি আধুনিক ইনডোর স্টেডিয়াম গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

পাশাপাশি সুইমিং পুল, রাস্তার উন্নয়ন এবং নতুন সেতু নির্মাণের মতো একাধিক পরিকাঠামোগত প্রকল্পও পরিকল্পনায় রয়েছে।বিধায়ক বলেন, রাজ্যের প্রতিটি বিধানসভা এলাকায় একটি করে ইনডোর স্টেডিয়াম তৈরির পরিকল্পনা রয়েছে। সেই পরিকল্পনার আওতায় ইসলামপুরও একটি আধুনিক ইনডোর স্টেডিয়াম পেতে চলেছে। এতে এলাকার ক্রীড়াবিদ ও যুব সম্প্রদায়ের অনুশীলনের জন্য উন্নত পরিকাঠামো তৈরি হবে এবং বিভিন্ন জেলা ও রাজ্যস্তরের প্রতিযোগিতা আয়োজনের সুযোগও বাড়বে।তিনি আরও জানান, কেবল ক্রীড়া পরিকাঠামো নয়, ইসলামপুরের সার্বিক উন্নয়নের জন্য সুইমিং পুল নির্মাণ, গুরুত্বপূর্ণ রাস্তার সংস্কার ও সম্প্রসারণ, নতুন সেতু নির্মাণসহ একাধিক প্রকল্পের রূপরেখা ইতিমধ্যেই তৈরি হয়েছে।কানাইলাল আগারওয়াল বলেন, “সরকার যেভাবে ধাপে ধাপে অর্থ বরাদ্দ করবে, সেই অনুযায়ী উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে। ইসলামপুরের জন্য আমাদের একাধিক উন্নয়নমূলক পরিকল্পনা রয়েছে। আগামী দিনে শহর ও সংলগ্ন এলাকার পরিকাঠামো আরও উন্নত হবে।”ইসলামপুরবাসীর আশা, ঘোষিত প্রকল্পগুলি দ্রুত বাস্তবায়িত হলে ক্রীড়া, যোগাযোগ ব্যবস্থা এবং নাগরিক পরিষেবার ক্ষেত্রে শহর নতুন মাত্রা পাবে। বিশেষ করে ইনডোর স্টেডিয়াম ও সুইমিং পুল নির্মিত হলে ইসলামপুর উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রীড়াকেন্দ্র হিসেবে গড়ে ওঠার সম্ভাবনাও উজ্জ্বল হবে।
