জলপ্রকল্প না আবর্জনার ভাগাড়? শান্তিনগরে দুর্গন্ধে অতিষ্ঠ বাসিন্দারা, প্রশাসনের হস্তক্ষেপের দাবি
ইসলামপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের শান্তিনগর দক্ষিণপাড়া এলাকায় অবস্থিত একটি জলপ্রকল্প (ওয়াটার প্রজেক্ট) ঘিরে চরম ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। একসময় এলাকার পানীয় জলের সমস্যা সমাধানের লক্ষ্য নিয়ে যে প্রকল্পের উদ্বোধন হয়েছিল, বর্তমানে সেই প্রকল্প এলাকা কার্যত পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে বলে অভিযোগ। আর সেই সুযোগেই প্রকল্প চত্বরে আবর্জনা ফেলে সেটিকে ধীরে ধীরে একটি অস্থায়ী ডাম্পিং গ্রাউন্ডে পরিণত করা হচ্ছে বলে দাবি এলাকাবাসীর।স্থানীয় সূত্রে জানা যায়, তৃণমূল কংগ্রেস সরকারের আমলে নির্মিত এই জলপ্রকল্পে সাবমার্সিবল পাম্প বসানোর জন্য বোরিংয়ের সময় বিপুল পরিমাণ মাটি তোলা হয়েছিল। পরে “আমার পাড়া আমার সমাধান” প্রকল্পের আওতায় এলাকার দুটি রাস্তা নির্মাণের কাজে সেই মাটি ব্যবহার করা হয়। তবে বোরিংয়ের ফলে তৈরি হওয়া গভীর গর্তগুলি দীর্ঘদিন ধরেই ভরাট না করে ফেলে রাখা হয়।অভিযোগ, সম্প্রতি ওই গর্তগুলি ভরাটের উদ্যোগ নেওয়া হলেও সেখানে মাটি বা বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ না করে বিভিন্ন ধরনের নোংরা আবর্জনা ও বর্জ্য ফেলা হচ্ছে। এর ফলে পুরো এলাকাজুড়ে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে।
স্থানীয়দের দাবি, প্রকল্প চত্বরের অদূরেই বহু মানুষের বসবাস। আবর্জনার দুর্গন্ধ ও দূষণের কারণে তাঁদের দৈনন্দিন জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে।বাসিন্দাদের আরও অভিযোগ, বিষয়টি নিয়ে প্রতিবাদ জানাতে গেলে কিছু ক্ষেত্রে তাঁদের ধমক-চমকও সহ্য করতে হয়েছে। ফলে ক্ষোভ আরও বাড়ছে। এলাকার সচেতন নাগরিক, সমাজকর্মী এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের কাছে বিষয়টি তুলে ধরা হয়েছে। তাঁরা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়েছেন।স্থানীয়দের প্রশ্ন, জনবসতিপূর্ণ এলাকার এত কাছে কীভাবে আবর্জনা ফেলে পরিবেশ দূষণের পরিস্থিতি তৈরি করা হচ্ছে? একটি জনস্বার্থমূলক জলপ্রকল্পের জমিকে কেন কার্যত বর্জ্য ফেলার স্থানে পরিণত করা হচ্ছে? এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিও উঠেছে।এলাকাবাসীর একটাই দাবি—অবিলম্বে ওই আবর্জনা সরিয়ে প্রকল্প এলাকাকে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হোক এবং ভবিষ্যতে যাতে সেখানে আর কোনও বর্জ্য ফেলা না হয়, তার জন্য প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করুক।
