“বাসস্ট্যান্ডে মাটির বদলে ছাই! জেসিবি চালিয়ে ‘দুর্নীতির প্রমাণ’ দেখালেন সাংসদ, কাজ বন্ধের নির্দেশ”

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ, ২০ জুন:উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ে নির্মীয়মাণ নতুন বাস টার্মিনাল প্রকল্পকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। শনিবার প্রকল্প এলাকা পরিদর্শনে এসে রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল এবং রাজ্যের স্কুল শিক্ষা প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী অভিযোগ করেন, একটি জলাভূমি মাটির পরিবর্তে ছাই দিয়ে ভরাট করে বাসস্ট্যান্ড নির্মাণের কাজ চলছিল।

পরিদর্শনের সময় জেসিবি মেশিন দিয়ে মাটি খোঁড়ার পর বিপুল পরিমাণ ছাই বেরিয়ে আসে বলে দাবি করেন সাংসদ। এরপরই তিনি অবিলম্বে নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেন এবং সংশ্লিষ্ট এলাকায় থাকা সমস্ত ছাই অপসারণ করে নিয়ম মেনে মাটি দিয়ে ভরাট করার নির্দেশ দেন।

রায়গঞ্জের নতুন বাস টার্মিনাল প্রকল্প ঘিরে তীব্র বিতর্ক; জলাভূমি ছাই দিয়ে ভরাটের অভিযোগে ক্ষোভ প্রকাশ সাংসদ কার্তিক পাল ও প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরীর

সাংসদ কার্তিক পাল বলেন, “রায়গঞ্জের নতুন বাসস্ট্যান্ড সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে নির্মাণ করা হবে। এখানে কোনও ধরনের দুর্নীতি বা অনিয়ম বরদাস্ত করা হবে না। একটি জলাভূমিকে কার নির্দেশে ছাই দিয়ে ভরাট করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হবে।

সাধারণ মানুষের টাকার অপচয় হতে দেওয়া হবে না।”তিনি আরও অভিযোগ করেন, পূর্ববর্তী প্রশাসনের আমলে প্রকল্পটিকে কেন্দ্র করে কাটমানির সংস্কৃতি গড়ে উঠেছিল।

তবে বর্তমান প্রশাসন সেই পথে হাঁটবে না বলেও তিনি স্পষ্ট বার্তা দেন।অন্যদিকে প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী বলেন, “আগের সরকার ও তাদের ঘনিষ্ঠদের মধ্যে উন্নয়নমূলক প্রকল্প থেকে অর্থ লুটের প্রবণতা ছিল। কাটমানি ছাড়া তারা কিছুই বুঝত না।

আমাদের সরকার স্বচ্ছতার সঙ্গে কাজ করছে, তাই কোনও অনিয়ম ধরা পড়লে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

”ঘটনাকে কেন্দ্র করে রায়গঞ্জে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নতুন বাস টার্মিনাল প্রকল্পে আদৌ নিয়ম মেনে কাজ হয়েছে কি না, তা নিয়ে এখন নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি নিয়ে তদন্তের দাবি উঠেছে বিভিন্ন মহলে।