উত্তরবঙ্গ উন্নয়ন ও আইন দপ্তরের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন বিরাজ বিশ্বাস“উন্নত, সমৃদ্ধ ও আত্মনির্ভর উত্তরবঙ্গ গড়াই আমার প্রধান লক্ষ্য” — বিরাজ বিশ্বাস
তন্ময় চক্রবর্তী :-উত্তরবঙ্গের উন্নয়নের ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা হল। করণদিঘির বিধায়ক বিরাজ বিশ্বাস বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে পশ্চিমবঙ্গ সরকারের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী এবং আইন প্রতিমন্ত্রী (Minister of State for Law) হিসেবে ঐতিহাসিক রাইটার্স বিল্ডিংয়ে দায়িত্বভার গ্রহণ করেন। নতুন দায়িত্ব গ্রহণের পর তিনি উত্তরবঙ্গের সামগ্রিক উন্নয়ন, পরিকাঠামো শক্তিশালীকরণ, কর্মসংস্থান বৃদ্ধি এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের ক্ষেত্রে নিরলসভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।দায়িত্বভার গ্রহণের সময় আইন বিভাগের প্রধান সচিব, বিচার বিভাগীয় প্রধান সচিব-সহ বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিক তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান।
পরে তিনি আইন দপ্তরের বিভিন্ন শাখা ও বিভাগের কার্যক্রম পরিদর্শন করেন এবং আধিকারিকদের সঙ্গে প্রশাসনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।নতুন দায়িত্ব গ্রহণের পর বিরাজ বিশ্বাস বলেন,“উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর এবং আইন দপ্তরের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করা আমার রাজনৈতিক জীবনের এক গুরুত্বপূর্ণ মুহূর্ত। এই দায়িত্ব আমার কাছে শুধু সম্মানের নয়, এটি মানুষের প্রতি এক গভীর দায়বদ্ধতা ও কর্তব্য। উত্তরবঙ্গের প্রতিটি জেলার উন্নয়ন, পরিকাঠামোর প্রসার, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন, পর্যটনের বিকাশ এবং কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করাই হবে আমার অগ্রাধিকার।”তিনি আরও বলেন,“মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আস্থা ও বিশ্বাসের সঙ্গে আমাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন, সেই বিশ্বাসের মর্যাদা রক্ষায় আমি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করব। উত্তরবঙ্গের প্রত্যন্ত অঞ্চলের মানুষের সমস্যা, চাহিদা ও সম্ভাবনাকে সামনে রেখে উন্নয়নের রূপরেখা তৈরি করা হবে। উন্নয়নের সুফল যাতে সমাজের শেষ প্রান্তে বসবাসকারী মানুষও পান, সেদিকে বিশেষ নজর দেওয়া হবে।”আইন দপ্তরের দায়িত্ব প্রসঙ্গে তিনি বলেন,“আইন ও বিচারব্যবস্থা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম প্রধান ভিত্তি। আইন দপ্তরের কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও জনমুখী করার লক্ষ্যে প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করা হবে। সাধারণ মানুষের কাছে দ্রুত ও সহজে আইনি পরিষেবা পৌঁছে দেওয়ার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।”দায়িত্ব গ্রহণের দিন তিনি আইন বিভাগের বিভিন্ন শাখা ঘুরে দেখেন এবং আধিকারিকদের কাছ থেকে বিভিন্ন প্রকল্প ও চলমান কাজের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য নেন। আধিকারিকদের সহযোগিতা ও শুভেচ্ছার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন,“আইন বিভাগের প্রধান সচিব, বিচার বিভাগীয় প্রধান সচিব এবং অন্যান্য সম্মানিত আধিকারিকদের আন্তরিক সহযোগিতা ও শুভেচ্ছা আমাকে অনুপ্রাণিত করেছে। প্রশাসনের অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে মানুষের স্বার্থে আরও কার্যকরভাবে কাজ করা সম্ভব হবে বলে আমি বিশ্বাস করি।”রাজনৈতিক মহলের মতে, করণদিঘির জনপ্রিয় বিধায়ক বিরাজ বিশ্বাসের মন্ত্রিসভায় অন্তর্ভুক্তি এবং উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের দায়িত্ব প্রাপ্তি উত্তরবঙ্গের উন্নয়নের ক্ষেত্রে নতুন গতি আনতে পারে। বিশেষ করে উত্তরবঙ্গের পরিকাঠামো, শিল্প, পর্যটন, কৃষি এবং কর্মসংস্থানের ক্ষেত্রে আগামী দিনে নতুন উদ্যোগ গ্রহণের সম্ভাবনা তৈরি হয়েছে।দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই বিরাজ বিশ্বাসের আত্মবিশ্বাসী বক্তব্য এবং উন্নয়নমুখী দৃষ্টিভঙ্গি উত্তরবঙ্গের মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। তাঁর কথায়, “উন্নত, সমৃদ্ধ, কর্মসংস্থানমুখী ও আত্মনির্ভর উত্তরবঙ্গ গড়ে তোলাই হবে আমার একমাত্র লক্ষ্য। এই লক্ষ্যে সকলের সহযোগিতা, পরামর্শ এবং আশীর্বাদ কামনা করছি।”
