সংস্কৃত মন্ত্রধ্বনিতে পৌরভবনে নতুন অধ্যায়ের সূচনা! মহারাজের হাত ধরে পৌরপতি কার্তিক পালের শুভ প্রবেশে আবেগে ভাসল কালিয়াগঞ্জ
তন্ময় চক্রবর্তী :-কালিয়াগঞ্জ পৌরসভার ইতিহাসে সম্ভবত এক নতুন ও ব্যতিক্রমী অধ্যায়ের সূচনা হল। রায়গঞ্জের সাংসদ তথা বর্তমান কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি কার্তিক চন্দ্র পালের পৌরভবনে প্রথম আনুষ্ঠানিক প্রবেশকে ঘিরে তৈরি হল এক অনন্য আবহ। সংস্কৃত শ্লোক ও বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে কালিয়াগঞ্জের বিধায়ক উৎপল মহারাজ তাঁকে পৌরভবনে প্রবেশ করান। এই দৃশ্য প্রত্যক্ষ করে উপস্থিত সাধারণ মানুষ, জনপ্রতিনিধি ও কর্মীদের মধ্যে তৈরি হয় এক আবেগঘন পরিবেশ।

পৌরসভার দীর্ঘ ইতিহাসে বহু চেয়ারম্যান ও প্রশাসক দায়িত্ব গ্রহণ করেছেন। কিন্তু সাধারণ মানুষের দাবি, এতটা আধ্যাত্মিক আবহে, এতটা শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে নতুন পৌরপ্রধানের প্রবেশের ঘটনা আগে কখনও দেখা যায়নি। ফলে মুহূর্তটি কার্যত ঐতিহাসিক হয়ে ওঠে।

এদিনের অনুষ্ঠানে আরও একটি বিষয় সকলের নজর কেড়ে নেয়। বিধায়ক উৎপল মহারাজ যখন সংস্কৃত শ্লোক পাঠ করে শুভ সূচনার বার্তা দিচ্ছিলেন, তখন পৌরপতি কার্তিক চন্দ্র পালও তাঁর সঙ্গে কণ্ঠ মিলিয়ে মন্ত্রোচ্চারণ করেন। দুই জনপ্রতিনিধির এই দৃশ্য উপস্থিত মানুষের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। অনেকেই এটিকে শুভ শক্তির মিলন এবং উন্নয়নের পথে এক ইতিবাচক বার্তা হিসেবে ব্যাখ্যা করেন।

ঘটনাকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে নানা প্রতিক্রিয়াও দেখা যায়। কেউ কেউ রসিকতার সুরে বলেন, দীর্ঘদিন ধরে পৌরসভাকে ঘিরে যে নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ শোনা গিয়েছে, সেই সমস্ত ‘পাপের ছায়া’ দূর করে নতুন সূচনার বার্তা দিতেই হয়তো মহারাজের এই উদ্যোগ। আবার অনেকে মনে করছেন, শুভ কাজের শুরুতে বৈদিক মন্ত্রোচ্চারণ ভারতীয় সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্য, যা আগামী দিনের সুশাসন, স্বচ্ছতা ও উন্নয়নের প্রতীক।
স্থানীয় বাসিন্দাদের একাংশের বক্তব্য, বর্তমানে কালিয়াগঞ্জে কার্যত “ট্রিপল ইঞ্জিন সরকার” কাজ করছে। কেন্দ্র, রাজ্য ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে উন্নয়নের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। ফলে আগামী দিনে কালিয়াগঞ্জে বড় বড় উন্নয়নমূলক প্রকল্প, আধুনিক পরিকাঠামো এবং জনকল্যাণমূলক উদ্যোগের বাস্তবায়ন নিয়ে আশাবাদী সাধারণ মানুষ।
অনেকেরই বিশ্বাস, পৌরভবনের দরজায় এদিন যে সংস্কৃত মন্ত্রধ্বনি প্রতিধ্বনিত হল, তা শুধুমাত্র একটি আনুষ্ঠানিকতা নয়; বরং কালিয়াগঞ্জের ভবিষ্যৎ উন্নয়নের এক প্রতীকী অঙ্গীকার। মানুষের আশা-আকাঙ্ক্ষা, উন্নয়নের স্বপ্ন এবং নতুন নেতৃত্বের প্রতি আস্থার প্রতিফলন ঘটেছে এই অভিনব অনুষ্ঠানের মাধ্যমে।
এখন কালিয়াগঞ্জবাসীর চোখ ভবিষ্যতের দিকে। প্রত্যাশা একটাই—এই শুভ সূচনা যেন বাস্তব উন্নয়নের রূপ পায়, এবং পৌরসভার নতুন নেতৃত্ব মানুষের বিশ্বাসের মর্যাদা রক্ষা করে এক নতুন দিগন্ত উন্মোচন করে।
