কালিয়াগঞ্জ পৌরসভায় বড় দায়িত্বে সাংসদ কার্তিক পাল! উন্নয়নের নতুন আশায় শহরবাসী

 তন্ময় চক্রবর্তী উত্তর দিনাজপুর জেলার রাজনৈতিক ও প্রশাসনিক মহলে বড়সড় চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পালকে কালিয়াগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত চেয়ারম্যান (পৌর প্রধান) পদে নিয়োগ করল পশ্চিমবঙ্গ সরকারের পৌর বিষয়ক দপ্তর। মঙ্গলবার রাজ্যের পৌর বিষয়ক দপ্তরের পক্ষ থেকে এই সংক্রান্ত আনুষ্ঠানিক নির্দেশিকা জারি হওয়ার পর থেকেই কালিয়াগঞ্জ শহরে শুরু হয়েছে জোর আলোচনা।পৌর বিষয়ক দপ্তরের বিশেষ সচিবের জারি করা নির্দেশিকা অনুযায়ী, নতুনভাবে নির্বাচনের মাধ্যমে স্থায়ী চেয়ারম্যান নির্বাচিত না হওয়া পর্যন্ত কালিয়াগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পালই পৌর প্রধানের দায়িত্ব সামলাবেন।

 

ফলে প্রশাসনিকভাবে এক গুরুত্বপূর্ণ দায়িত্ব এসে পড়ল তাঁর কাঁধে।বিশ্বস্ত সূত্রে খবর, আগামী শুক্রবারই সম্ভবত আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করবেন কার্তিক পাল। ওইদিন পৌরসভার প্রশাসনিক দায়িত্ব বুঝে নিয়ে তিনি কাজ শুরু করতে পারেন বলেই জল্পনা রাজনৈতিক ও প্রশাসনিক মহলে।এই খবর প্রকাশ্যে আসতেই কালিয়াগঞ্জ শহরের বিভিন্ন মহলে শুরু হয়েছে আলোচনা ও প্রত্যাশা। বহু সাধারণ মানুষের বক্তব্য, “কাজের মানুষ” হিসেবে পরিচিত কার্তিক পাল পৌরসভার দায়িত্ব পাওয়ায় উন্নয়নের গতি আবার বাড়তে পারে।শহরের বাসিন্দাদের একাংশের মতে, দীর্ঘদিন ধরে পৌর এলাকার রাস্তা, নিকাশি, আলো, পানীয় জল ও বিভিন্ন নাগরিক পরিষেবা নিয়ে সাধারণ মানুষের নানা অভিযোগ ছিল। এবার নতুন দায়িত্বে কার্তিক পাল এলে সেই সমস্ত কাজ দ্রুততার সঙ্গে এগোবে বলেই আশা করছেন অনেকে।এক স্থানীয় ব্যবসায়ীর কথায়,“কার্তিকবাবু মানুষের মধ্যে থাকেন। এলাকার উন্নয়নের বিষয়ে ওনার আগ্রহ রয়েছে। পৌরসভায় যদি সক্রিয়ভাবে কাজ শুরু হয়, তাহলে কালিয়াগঞ্জ শহরের চেহারা বদলাতে সময় লাগবে না।”এক গৃহবধূর বক্তব্য,“আমরা চাই শহরে আবার আগের মতো পরিষ্কার–পরিচ্ছন্নতা, রাস্তার আলো, ড্রেন পরিষ্কার—সব ঠিকঠাক হোক। নতুন দায়িত্বে উনি মানুষের কথা শুনে কাজ করবেন বলেই আশা।”যুব সম্প্রদায়ের একাংশও মনে করছে, শহরের পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, পার্ক, যুব উন্নয়ন ও কর্মসংস্থানমূলক ভাবনাতেও নতুন উদ্যোগ দেখা যেতে পারে।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাংসদ পদে থাকার পাশাপাশি পৌর প্রশাসনের দায়িত্ব পাওয়া নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর ফলে উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে প্রশাসনিক সমন্বয় আরও দ্রুত হতে পারে বলেও মনে করা হচ্ছে।এখন নজর আগামী শুক্রবারের দিকে—দায়িত্বভার গ্রহণের পর কালিয়াগঞ্জ পৌরসভায় কী নতুন পরিকল্পনা সামনে আনেন কার্তিক পাল, সেদিকেই তাকিয়ে শহরবাসী।শহরের প্রশ্ন: “আবার কি উন্নয়নের পুরনো গতি ফিরবে কালিয়াগঞ্জে?”