কালিয়াগঞ্জে নৃত্য ছন্দ অ্যাকাডেমির দশম বর্ষপূর্তি: বিশেষ আকর্ষণ রবীন্দ্রনাথের ‘চণ্ডালিকা’

 

তন্ময় চক্রবর্তী  ঃ-সংস্কৃতির আঙিনায় আরও একটি গৌরবময় বছর পার করতে চলেছে কালিয়াগঞ্জের অন্যতম জনপ্রিয় নৃত্য শিক্ষাপ্রতিষ্ঠান ‘নৃত্য ছন্দ অ্যাকাডেমি’। আগামী ২৪শে মে, রবিবার এই অ্যাকাডেমির দশম বর্ষপূর্তি উপলক্ষ্যে এক জমকালো নৃত্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। স্থানীয় নজমু নাট্য নিকেতনে এই বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যাটি উদযাপিত হতে চলেছে।অ্যাকাডেমি সূত্রে জানা গেছে, ওই দিন ঠিক সন্ধ্যা ৬টা থেকে মূল অনুষ্ঠানটি শুরু হবে।

এবারের অনুষ্ঠানকে ঘিরে দর্শকদের মধ্যে বাড়তি উন্মাদনা তৈরি হয়েছে একটি বিশেষ নিবেদনের কারণে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত নৃত্যনাট্য ‘চণ্ডালিকা’ এবার মঞ্চস্থ করতে চলেছেন নৃত্য ছন্দ অ্যাকাডেমির ছাত্রছাত্রীরা। রবিঠাকুরের এই কালজয়ী সৃষ্টিকে মঞ্চে ফুটিয়ে তুলতে বিগত বেশ কিছুদিন ধরেই জোরকদমে মহড়া চলছে বলে উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে।সেই সঙ্গে থাকছে লোক নৃত্য,থাকছে নেপালি ড্যান্স, কাশ্মীরি ড্যান্স, 90’s এর রেট্রো ড্যান্স । প্রতিষ্ঠানের পক্ষ থেকে রিয়া রায় এলাকার সমস্ত শিল্পানুরাগী ও সাধারণ মানুষকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বিনীত আহ্বান জানিয়েছেন। তিনি জানান:”নৃত্য ছন্দ অ্যাকাডেমির এই ১০ বছরের পথচলা আপনাদের ভালোবাসা ছাড়া সম্ভব হতো না। এই অনুষ্ঠানকে সর্বাঙ্গীনভাবে সফল মণ্ডিত করতে আপনাদের সকলের উপস্থিতি আমাদের একান্তভাবে কাম্য।”দশম বর্ষপূর্তির এই মাইলফলক ছুঁয়ে দেখার মুহূর্তে কালিয়াগঞ্জের সংস্কৃতিপ্রেমী মহলও বেশ উৎসাহিত। রবিবাসরীয় সন্ধ্যায় নজরুল নাট্য নিকেতনে এক নান্দনিক ও মায়াময় নাচের পরিবেশ তৈরি হতে চলেছে, তা বলাই বাহুল্য