“ভোটের লাইনে সাধারণ মানুষের সঙ্গে গৌতম পাল, করণদিঘিতে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তৃণমূল প্রার্থী”

প্রদীপ সিনহার রিপোর্ট করনদিঘী :- করণদিঘি বিধানসভা কেন্দ্রে ভোটের দিন সকাল থেকেই উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সাধারণ ভোটারদের উৎসাহ–উদ্দীপনার মধ্যেই নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম পাল। এদিন তিনি করণদিঘির বাসিন্দাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখে তিনি অত্যন্ত আনন্দিত এবং আশাবাদী।সকালে নিজের বাড়ি থেকে টোটোয় চেপে সহধর্মিণী পম্পা পালকে সঙ্গে নিয়ে তিনি পৌঁছে যান করণদিঘি বিধানসভা কেন্দ্রের ১৯২ নম্বর মোহনপুর বুথে।

সেখানে অন্য সাধারণ ভোটারদের মতোই লাইনে দাঁড়িয়ে ভোট দেন তিনি। তার এই সাধারণ ও মাটির কাছাকাছি আচরণ এলাকায় বিশেষভাবে নজর কেড়েছে এবং প্রশংসিত হয়েছে।ভোট দিয়ে বেরিয়ে এসে গৌতম পাল জানান, “মানুষের উৎসাহ দেখে মনে হচ্ছে সবাই আমাকে সমর্থন করছেন। গতবারের থেকেও বেশি ভোটে জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।”

তিনি আরও বলেন, “এখন শুধু সময়ের অপেক্ষা। চার তারিখ আমরা জয়ের আনন্দ উদযাপন করব।”এদিন বুথে এক প্রবীণ নাগরিক তাকে আশীর্বাদ করলে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।

পাশাপাশি কিছু মহিলা তার মাথায় ফুল ছিটিয়ে বরণ করেন এবং মিষ্টিমুখ করান, যা তাকে আরও আপ্লুত করে তোলে।সব মিলিয়ে, একজন প্রার্থীর সাধারণ মানুষের সঙ্গে একাত্ম হয়ে ভোট দেওয়ার এই ছবি করণদিঘি জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এবং ভোটের আবহে এনে দিয়েছে এক ভিন্ন মাত্রা।