কালিয়াগঞ্জে ইতিহাস গড়ছে ভোট! সম্পূর্ণ মহিলা পরিচালিত ‘মডেল’ বুথে উৎসবের রঙ, স্বাচ্ছন্দ্যের ছোঁয়া
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ:উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ (তফঃ) বিধানসভা কেন্দ্রে এবারের নির্বাচনে এক অভিনব ও দৃষ্টান্তমূলক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশে কালিয়াগঞ্জ পৌরসভা এলাকায় গড়ে তোলা হয়েছে সম্পূর্ণ মহিলাদের দ্বারা পরিচালিত একটি ‘মডেল’ ভোট কেন্দ্র, যা ইতিমধ্যেই সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল ও আগ্রহের সৃষ্টি করেছে।সূত্রের খবর, এই বিশেষ মডেল ভোট কেন্দ্রে নারী ভোটারদের সুবিধা ও স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে নেওয়া হয়েছে একাধিক উদ্যোগ। ভোট দিতে এসে যাতে কোনও রকম অসুবিধার সম্মুখীন না হতে হয়, তার জন্য রাখা হয়েছে আরামদায়ক বসার ব্যবস্থা।

পাশাপাশি মহিলা ভোটারদের জন্য রয়েছে বিশুদ্ধ পানীয় জল ও খাবারের সুব্যবস্থা।স্বাস্থ্য পরিষেবাকেও গুরুত্ব দিয়ে এই বুথে রাখা হয়েছে চিকিৎসার ব্যবস্থা, যাতে প্রয়োজনে দ্রুত সহায়তা পাওয়া যায়। বিশেষ করে যেসব মহিলা ছোট শিশুদের নিয়ে ভোট কেন্দ্রে আসবেন, তাদের জন্য তৈরি করা হয়েছে আলাদা ব্রেস্ট ফিডিং রুম এবং শিশুদের খেলাধুলার জন্য রাখা হয়েছে নানা সামগ্রী—যা এই উদ্যোগকে আরও মানবিক করে তুলেছে।শুধু পরিষেবা নয়, সৌন্দর্যেও নজর কেড়েছে এই মডেল বুথ।
রঙিন বেলুন ও আকর্ষণীয় সাজসজ্জায় বুথের ভেতর ও বাইরে তৈরি হয়েছে এক উৎসবমুখর পরিবেশ। যুব প্রজন্মকে আকৃষ্ট করতে বুথের পাশেই গড়ে তোলা হয়েছে একটি সেলফি জোন, যেখানে ভোট দিতে এসে মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করতে পারছেন তরুণ-তরুণীরা।সব মিলিয়ে, সম্পূর্ণ মহিলা পরিচালিত এই মডেল ভোট কেন্দ্র শুধু ভোটদানের একটি স্থান নয়, বরং নারী ক্ষমতায়নের এক উজ্জ্বল প্রতীক হয়ে উঠেছে। প্রশাসনের এই উদ্যোগ যে মহিলাদের অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি ভোট প্রক্রিয়াকে আরও আনন্দদায়ক করে তুলবে, তা বলাই বাহুল্য।
