নিম্নচাপের প্রভাবে কয়েকদিন ধরেই রাত থেকেই টানা বৃষ্টিতে ভিজছে দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন এলাকা
নিম্নচাপের প্রভাবে কয়েকদিন ধরেই রাত থেকেই টানা বৃষ্টিতে ভিজছে দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন এলাকা। শনি পেরিয়ে রবিবারও আকাশের মুখভার। লাগাতার বৃষ্টি হয়েই চলেছে। ফলে, কোথাও চাষের জমি, কোথাও লোকালয় চলে গিয়েছে জলের তলায়। বন্যা হওয়ার আশঙ্কা করছেন বাসিন্দারা। টানা বৃষ্টির জেরে বিশ্বকর্মা পুজোয় ফুলের দাম হতে পারে আকাশছোঁয়া।১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো। প্যান্ডেল, প্রতিমা তৈরির কাজ শেষ করার জন্য হাতে খুব একটা সময় নেই। এর মধ্যে আবার বাধ সাধছে আবহাওয়া।

মেঘলা আকাশ, যখন তখন বৃষ্টি নেমে যাচ্ছে। রোদে প্রতিমা রেখে শুকানোও ঝুঁকির।হাতে আর একদম সময় নেই। গণেশ পূজার রেশ কাটতে না কাটতেই আগামীকাল বিশ্বকর্মা পুজো। এদিকে টানা বৃষ্টি নাজেহাল মৃৎশিল্পীরা। বিক্ষিপ্ত হলেও দফায় দফায় এমন বৃষ্টি নামছে, মুহূর্তে জল থইথই রশিদপুরসহ বিভিন্ন এলাকায়। ফলে একপ্রকার নাজেহাল হয়ে মৃৎশিল্পীরা তাদের বিশ্বকর্মা পূজার জন্য দিন রাত এক করে খেটে চলেছে। কারণ রাত পোহালেই বিশ্বকর্মা পূজা। বাজারে বিভিন্ন দামের বিশ্বকর্মা ঠাকুর আসলেও বৃষ্টির কারণে সমস্যার মধ্যে পড়তে হয়েছে মৃৎশিল্পী সহ সাধারণ মানুষকে। এমনই চিত্র ধরা পরল বুনিয়াদপুর পৌরসভার পীরতলা এলাকায়। পীরতলায় এলাকায় লক্ষ্য করলে দেখা যাবে মৃৎ শিল্পীরা প্রতিমা যেন না ভেজে সেই জন্য প্লাস্টিক দিয়ে ঢেকে রেখেছে আবারো কেউ ছাউনি দিয়ে বিভিন্ন ধরনের প্রতিমা ঢেকে রেখেছেন। তবে বিশ্বকর্মা পূজায় লাভের মুখ কম দেখছেন বিভিন্ন জায়গায় মৃৎশিল্পীরা।


