“সৌহার্দ্যের বার্তা নিয়ে মাঠে মোশারফ—ইটাহারে উন্নয়ন ও আত্মবিশ্বাসেই এগিয়ে তৃণমূল প্রার্থী”
ইটাহার থেকে বিপ্লব চাকীর রিপোর্ট বর্তমানের কথা :-ইটাহার বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচার যত এগোচ্ছে, ততই নজর কাড়ছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মোশারফ হোসেন। প্রচারের ফাঁকে তিনি বিরোধীদের উদ্দেশে কড়া আক্রমণের বদলে দিলেন এক ভিন্ন বার্তা—সৌহার্দ্য ও সুস্থ রাজনৈতিক প্রতিযোগিতার আহ্বান।মোশারফ হোসেন বলেন, ইটাহারে বিরোধীদের তেমনভাবে প্রচারে দেখা যাচ্ছে না। তাঁর দাবি, তাদের সংগঠন, জনসংযোগ ও বুথভিত্তিক শক্তি দুর্বল হওয়ায় তারা কিছুটা হতাশ ও ক্লান্ত হয়ে পড়েছে।

তবে এই পরিস্থিতিতেও তিনি বিরোধীদের মাঠে নামার আহ্বান জানিয়ে বলেন,“রাজনীতিতে প্রতিযোগিতা থাকবেই। সবাই আসুন, আমরা একসাথে এই ভোট উৎসবে অংশ নিই, আনন্দের সঙ্গে রাজনৈতিক লড়াই করি।
প্রয়োজনে আমি নিজেই তাদের সঙ্গে কথা বলব।”তিনি আরও স্পষ্ট করেন, তাঁর রাজনীতির মূল ভিত্তি প্রতিহিংসা নয়, বরং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে গণতান্ত্রিক লড়াই।প্রচারের সময় মোশারফ হোসেন দাবি করেন, ইটাহারের সাধারণ মানুষ ইতিমধ্যেই তাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন। বিশেষ করে মহিলাদের সমর্থন তৃণমূলের দিকে একতরফা ভাবে ঝুঁকেছে বলেই তাঁর মত। তাঁর কথায়,“মহিলারা জানেন এই ভোট উন্নয়নের ভোট। রাজ্য সরকারের প্রকল্পের সুবিধা তারা সরাসরি পাচ্ছেন, তাই সেই উন্নয়ন তারা ব্যাহত করতে চান না।”তিনি আরও বলেন, বিজেপি ধর্মীয় ইস্যু তুলে ভোট ভাগ করার চেষ্টা করলেও এবার মানুষ সেই কৌশল বুঝে গিয়েছে এবং তাতে আর সাড়া দেবে না। তাঁর আত্মবিশ্বাস, চতুর্থবারের মতো মমতা বন্দ্যোপাধ্যায়ই রাজ্যে ক্ষমতায় ফিরবেন এবং ইটাহার থেকেও তৃণমূলের জয় নিশ্চিত।এদিন ইটাহারের বিভিন্ন এলাকায় প্রচারে গিয়ে মোশারফ হোসেনকে ঘিরে সাধারণ মানুষের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। বহু জায়গায় তাঁকে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়। সাধারণ মানুষকে বলতে শোনা যায়, “আপনিই আমাদের ভরসা, আপনিই আমাদের কান্ডারী।”বিশেষ করে মহিলা ভোটারদের মধ্যে তাঁর জনপ্রিয়তা স্পষ্টভাবে ধরা পড়ে। অনেককেই তাঁর সঙ্গে করমর্দন করতে দেখা যায়। অন্যদিকে, বয়স্ক ভোটারদের সামনে পেলে মোশারফ হোসেনকে প্রণাম করতেও দেখা যায়, যা তাঁর ব্যক্তিগত আচরণ ও সংযোগের দিকটি তুলে ধরে।যেখানেই তিনি যাচ্ছেন, মানুষ মনোযোগ দিয়ে তাঁর কথা শুনছেন এবং ইঙ্গিত দিচ্ছেন—ইটাহারের মাটিতে আবারও তাঁর জয়ের সম্ভাবনাই প্রবল।সব মিলিয়ে, ইটাহারে উন্নয়ন, সংগঠন ও ব্যক্তিগত সংযোগ—এই তিনকে হাতিয়ার করেই আত্মবিশ্বাসী তৃণমূল প্রার্থী মোশারফ হোসেন।


