“চায়ের কাপে চুমুক, মানুষের মাঝে দিনভর—‘সাধারণ’ ইমেজেই বাজিমাত করতে চান রায়গঞ্জের বিজেপি প্রার্থী”কৌশিক চৌধুরী

তন্ময় চক্রবর্তী :-রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে ভোটের লড়াই যত এগোচ্ছে, ততই নজর কাড়ছে বিজেপি প্রার্থী কৌশিক চৌধুরীর একেবারে সাদামাটা জীবনযাপন এবং ভিন্নধর্মী প্রচারের স্টাইল।

 

সকালবেলা ঘুম থেকে উঠেই মানুষের কাছে দ্রুত পৌঁছে যাওয়ার তাগিদ—এই ভাবনাতেই দিন শুরু করেন তিনি।

প্রার্থীর কথায়, “সকালে বেরোলেই মনে হয় কত তাড়াতাড়ি মানুষের কাছে পৌঁছাতে পারব।

   

মানুষ আমাকে দেখলেই শুভেচ্ছা জানায়, কথা বলে—আর তখনই বুঝতে পারি ওদের ভালোবাসা আমার শক্তি।”প্রচারের ব্যস্ততার মধ্যেও তার জীবনে নেই কোনও বিলাসিতা।

সকাল শুরু হয় এক কাপ চা আর ছাতু দিয়ে। তারপর আগের দিন ঠিক করা কর্মসূচি অনুযায়ী গ্রাম থেকে শহরের ওয়ার্ড—ঘুরে ঘুরে মানুষের দরজায় পৌঁছে যাচ্ছেন তিনি।দিনভর প্রচারের ফাঁকে ফাঁকেই চলে একেবারে সাধারণ জীবনযাপনের ছবি—কখনো রাস্তার ধারের চায়ের দোকানে বসে চায়ের চুমুক, কখনো দলের কর্মীদের সঙ্গে গ্রামের কোনও বাড়িতে বসে নিরামিষ ভাত-তরকারি।

 

এই সহজ সরল জীবনধারাই তাকে মানুষের আরও কাছাকাছি নিয়ে যাচ্ছে।তিনি বলেন, “মানুষ সবসময় সাধারণ মানুষকেই পছন্দ করে। তারা চায় তাদের নেতা যেন তাদের মতোই হয়—যার কাছে সহজে পৌঁছানো যায়, যার সঙ্গে কথা বলা যায়, নিজের সমস্যার কথা বলা যায়।”প্রচারের অভিজ্ঞতা তুলে ধরে বিজেপি প্রার্থী কৌশিক চৌধুরী জানান, প্রতিদিনই শত শত পরিবারের সঙ্গে দেখা করছেন তিনি। “আজও প্রায় ১৫০০ ভোটার থাকা একটি বুথে বাড়ি বাড়ি ঘুরেছি। এখন কর্মীদের সঙ্গে বসে চা খাচ্ছি,”—বললেন তিনি।রাজনৈতিক বার্তায় তিনি সরব বর্তমান রাজ্য সরকারের বিরুদ্ধে। তার অভিযোগ, “গত ১৫ বছরে রাজ্যে অরাজকতা, দুর্নীতি, কাটমানি, চাকরি চুরি—এসবের বিরুদ্ধে মানুষ ক্ষুব্ধ। মানুষ পরিবর্তন চায়, আর সেই বিকল্প বিজেপি।”তিনি আরও বলেন, যুবকদের কর্মসংস্থান, নারীদের নিরাপত্তা, শিশুদের শিক্ষা ও স্বাস্থ্য—এই বিষয়গুলিকেই সামনে রেখে প্রচার চালাচ্ছেন তিনি।তবে শুধুই রাজনৈতিক বক্তব্য নয়, নিজের ব্যক্তিগত জীবন নিয়েও স্পষ্ট তিনি। বিজেপি প্রার্থী কৌশিক চৌধুরী বলেন, “আমি খুব সাধারণভাবে জীবনযাপন করি—সাইকেল আছে, পাঞ্জাবি-পায়জামা পরি। সামাজিক কাজের জন্য মানুষ আমাকে আগে থেকেই চেনে।”তার বিশ্বাস, এই সরলতা এবং মানুষের সঙ্গে সরাসরি সংযোগই তাকে এগিয়ে রাখবে। “মানুষ আমার পাশে আছে, পরিবর্তন চাইছে—এই বিশ্বাসই আমাকে শক্তি দেয়,”—বললেন রায়গঞ্জের বিজেপি প্রার্থী কৌশিক চৌধুরী।