বিবাহবার্ষিকীতেই মানবিক সিদ্ধান্ত! মরণোত্তর দেহদান করলেন ইসলামপুরের আইনজীবী দম্পতি

উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরে এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন এক আইনজীবী দম্পতি। নিজেদের ১৭তম বিবাহবার্ষিকীর দিন মরণোত্তর দেহদানের অঙ্গীকার করে সমাজের কাছে এক শক্তিশালী বার্তা দিলেন তারা।ইসলামপুর শহরের বাসিন্দা আইনজীবী দম্পতি Chiranjit Roy ও Moumita Roy Chowdhury সোমবার মরণোত্তর দেহদান করার সিদ্ধান্ত নেন।

ইসলামপুর বিজ্ঞান মঞ্চ শাখার উদ্যোগে ইসলামপুর টাউন লাইব্রেরি হলে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তারা এই মানবিক অঙ্গীকারে সামিল হন।ছোট্ট কিন্তু তাৎপর্যপূর্ণ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজ্ঞান মঞ্চের সদস্যরা এবং কয়েকজন বিশিষ্ট নাগরিক। সেখানে আনুষ্ঠানিকভাবে দেহদান সংক্রান্ত নথিপত্রে স্বাক্ষর করেন ওই দম্পতি।এই প্রসঙ্গে দম্পতির বক্তব্য,“যে জামা আমাদের আর পরার প্রয়োজন হয় না, আমরা তা বর্জন করি। ঠিক তেমনই মৃত্যুর পর যদি আমাদের শরীর কারও কাজে লাগে, তাহলে তা দান করে দেওয়াই শ্রেয়।”তাদের মতে, সমাজে এখনও দেহদান নিয়ে নানা ধরনের কুসংস্কার রয়েছে। তবে মানুষ সচেতন হলে ধীরে ধীরে সেই কুসংস্কার দূর হবে এবং আরও অনেকেই এই মানবিক উদ্যোগে এগিয়ে আসবেন।বিজ্ঞান মঞ্চের সদস্যরা জানান, চিকিৎসা শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে মরণোত্তর দেহদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজের সচেতন মানুষ এভাবে এগিয়ে এলে ভবিষ্যতে চিকিৎসা ক্ষেত্রে তা বিশেষভাবে সহায়ক হবে।নিজেদের বিবাহবার্ষিকীর দিন এমন একটি মানবিক সিদ্ধান্ত নিয়ে চিরঞ্জিত রায় ও মৌমিতা রায়চৌধুরী শুধু এক নতুন উদাহরণই স্থাপন করলেন না, বরং সমাজে সচেতনতার এক গুরুত্বপূর্ণ বার্তাও পৌঁছে দিলেন।