ইটাহারে রাস্তা সংস্কার কাজের উদ্বোধন, রমজান উপলক্ষে ইফতার মাহফিলে যোগ বিধায়ক মোসারফ হোসেন
উত্তর দিনাজপুর জেলার ইটাহার বিধানসভা এলাকায় উন্নয়নের ধারাকে আরও এগিয়ে নিয়ে যেতে একটি গুরুত্বপূর্ণ রাস্তা সংস্কার প্রকল্পের শুভ উদ্বোধন করা হলো। বৃহস্পতিবার কামালপুর জুনিয়র হাই স্কুল মাঠে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে NH-34 গোঠলু মোড় থেকে ইন্দ্রান মোড় পর্যন্ত প্রায় ৮.১ কিলোমিটার পিচ রাস্তার পুনর্নির্মাণ ও সংস্কারের কাজের আনুষ্ঠানিক সূচনা করা হয়।এই প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ১ কোটি ৪০ লক্ষ ৩৩ হাজার টাকা।

দীর্ঘদিন ধরে ইটাহার ও সুরুন-১ অঞ্চলের মানুষের অন্যতম দাবি ছিল এই রাস্তার উন্নয়ন। রাস্তার সংস্কার সম্পন্ন হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা অনেকটাই উন্নত হবে এবং সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াত আরও সহজ হবে বলে মনে করা হচ্ছে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইটাহারের বিধায়ক মোসারফ হোসেন। তিনি বলেন, রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর অনুপ্রেরণায় ইটাহার বিধানসভা এলাকায় ধারাবাহিকভাবে উন্নয়নের কাজ চলছে। মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ করাই তাদের মূল লক্ষ্য এবং ভবিষ্যতেও এলাকায় আরও উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ করা হবে।উদ্বোধনী অনুষ্ঠানের পর পবিত্র রমজান মাস উপলক্ষে আয়োজিত ইফতার মাহফিলে যোগ দেন বিধায়ক মোসারফ হোসেন। সেখানে উপস্থিত এলাকার সাধারণ মানুষের সঙ্গে তিনি শুভেচ্ছা বিনিময় করেন এবং সম্প্রীতির বার্তা দেন।স্থানীয় বাসিন্দাদের মতে, এই রাস্তার সংস্কার কাজ সম্পন্ন হলে ইটাহার ও আশপাশের এলাকার যোগাযোগ ব্যবস্থা অনেকটাই সহজ হবে এবং এলাকার সামগ্রিক উন্নয়নে তা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

