রাসাথোয়ায় পাঁচ পীরের উরসে সম্প্রীতির মহামিলন, কাওয়ালীর সুরে আধ্যাত্মিক আবহ

প্রদীপ সিনহার রিপোর্ট ,উত্তর দিনাজপুর:ঐতিহ্য, আধ্যাত্মিকতা এবং সম্প্রীতির বার্তা নিয়ে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের রাসাথোয়া এলাকায় সাড়ম্বরে পালিত হলো ঐতিহাসিক পাঁচ পীরের উরস উৎসব। প্রতি বছরের মতো এবছরও এই পবিত্র অনুষ্ঠানকে ঘিরে এলাকাজুড়ে তৈরি হয় উৎসবের আবহ এবং ভ্রাতৃত্বের অনন্য পরিবেশ।উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করণদিঘির বিধায়ক Gautam Pal।

তিনি মাজারে গিয়ে পবিত্র চাদর চড়ান এবং এলাকার শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করেন। তাঁর উপস্থিতি অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করে।উরস উপলক্ষে আয়োজিত মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিল জনসমাগমের ঢল। স্থানীয় শিল্পীদের পরিবেশিত কাওয়ালী গানে মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। সূফী সঙ্গীতের মূর্ছনায় এক আবেগঘন ও আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হয়, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষ একসঙ্গে উপভোগ করেন উৎসবের আনন্দ।শুধু স্থানীয় বাসিন্দারাই নন, দূর-দূরান্ত থেকেও বহু মানুষ এই উরসে যোগ দিতে আসেন। সব মিলিয়ে রাসাথোয়ার পাঁচ পীরের উরস উৎসব আবারও প্রমাণ করল—সম্প্রীতি ও ঐক্যের বন্ধনই এই অঞ্চলের আসল শক্তি।