আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের স্মরণ ,রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ে সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান

রায়গঞ্জ | ২১ ফেব্রুয়ারি :২৭তম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে সান্ধ্যকালীন এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে ১৯৫২ সালে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ঢাকার রাজপথে গুলিবিদ্ধ হয়ে শহীদ হওয়া রফিক, সালাম, বরকত সহ সকল ভাষা শহীদদের আত্মার শান্তি কামনায় শহীদ বেদীতে মোমবাতি প্রজ্জ্বলন ও পুষ্পার্ঘ্য নিবেদন করা হয়।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌরাঙ্গ চৌহান বলেন,“বাংলা আমাদের গর্বের ভাষা। এই ভাষাতেই সারা বিশ্বে কোটি কোটি মানুষ কথা বলে, গান রচনা করে, কবিতা লেখে। যুগে যুগে বহু কবি ও সাহিত্যিক তাঁদের লেখনীর মাধ্যমে বাংলা ভাষাকে বিশ্বদরবারে সমৃদ্ধ করেছেন।”তিনি আরও বলেন,“যাঁরা এই বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন, তাঁদের ইতিহাস ও আত্মত্যাগ সম্পর্কে ছাত্রছাত্রীরা যেন ছোটবেলা থেকেই জানতে পারে—সেই লক্ষ্যেই এই ধরনের অনুষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আগামী দিনে এই ছাত্রছাত্রীদের হাত ধরেই বাংলা ভাষার মর্যাদা আরও উচ্চস্তরে পৌঁছাবে।”বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো এবং ছাত্রছাত্রীদের মধ্যে মাতৃভাষার গুরুত্ব ও চেতনা জাগ্রত করতেই প্রতি বছরের মতো এবারও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।এই অনুষ্ঠানটি ছাত্রছাত্রীদের মধ্যে ভাষা, সংস্কৃতি ও ইতিহাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করছেন অভিভাবক ও শিক্ষক মহল।