কৃষকবন্ধুর পর এবার ভূমিহীন চাষিদেরও আর্থিক সহায়তা,ইসলামপুরে সরকারি অনুদান পেতে শিবিরে উপচে পড়া ভিড়
ইসলামপুরে সরকারি আর্থিক অনুদান পেতে ভূমিহীন কৃষিশ্রমিকদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। ব্লক ও পুরসভা মিলিয়ে আয়োজিত শিবিরগুলিতে প্রতি শিবিরে গড়ে প্রায় ৪০০টি করে আবেদন জমা পড়েছে বলে জানিয়েছে কৃষিদপ্তর।রাজ্য সরকারের কৃষকবন্ধু প্রকল্পে ইতিমধ্যেই চাষিদের মন জয় করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এবার কৃষিকাজে যুক্ত ভূমিহীন খেতমজুরদের জন্যও আর্থিক অনুদান ঘোষণা করা হয়েছে। অন্তর্বর্তী বাজেট অনুযায়ী, যোগ্য ভূমিহীন কৃষিশ্রমিকরা বছরে ৪ হাজার টাকা আর্থিক সহায়তা পাবেন।
রাজনৈতিক মহলের একাংশের মতে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে এই সিদ্ধান্তের যথেষ্ট রাজনৈতিক প্রভাব পড়তে পারে।যদিও তৃণমূল কংগ্রেসের দাবি, নির্বাচন নয়—মুখ্যমন্ত্রী সবসময় সাধারণ মানুষের কথাই ভাবেন। তৃণমূল জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বলেন,“কেন্দ্রীয় সরকারের বাজেট সম্পূর্ণ দিশাহীন। কৃষক, বেকার যুবক-যুবতী কিংবা সাধারণ মানুষের জন্য সেখানে কিছুই নেই। কিন্তু আমাদের মানবিক মুখ্যমন্ত্রী ভূমিহীন কৃষকদের কথাও ভেবেছেন। যাঁরা অন্যের জমিতে কাজ করেন, তাঁদের জন্যও অনুদানের ব্যবস্থা করা হয়েছে। যুবসাথী প্রকল্পেও ভালো সাড়া মিলছে।”কৃষিদপ্তর সূত্রে জানা গিয়েছে, ইসলামপুর মহকুমায় ব্লক ও পুরসভা মিলিয়ে মোট ৭টি শিবির করা হয়েছে। ইসলামপুরের কৃষি অধিকর্তা (প্রশাসন) মহফুজ আহমেদ জানান,“প্রতিটি শিবিরে গড়ে প্রায় ৪০০টি করে আবেদন জমা পড়েছে। আগামী ২৬ তারিখ পর্যন্ত এই শিবির চলবে।”আবেদনের জন্য জমা দিতে হচ্ছে আধার কার্ড, ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স (জনধন অ্যাকাউন্ট গ্রহণযোগ্য নয়), খেতমজুর সংক্রান্ত স্ব-ঘোষণাপত্র এবং আধার তথ্য ব্যবহারের সম্মতিপত্র।এদিন গোবিন্দপুর এলাকার বাসিন্দা আকবর নুর ইসলামপুর কোর্ট ময়দানের শিবির থেকে আবেদনপত্র সংগ্রহ করেন। তিনি বলেন,“আমাদের মতো ভূমিহীনদের কথাও মুখ্যমন্ত্রী ভেবেছেন। এতে আমরা খুব খুশি।”





![]()
