তৃণমূলের অপশাসন ও দুর্নীতির বিরুদ্ধে জনতার চার্জশিট পেশ বিজেপির ,রায়গঞ্জে সাংবাদিক সম্মেলনে থাকবেন সাংসদ কার্তিক চন্দ্র পাল
ইসলামপুর, গোয়ালপোখর, চাকুলিয়া, করণদিঘী ও ইটাহার বিধানসভা এলাকায় গত ১৫ বছরে তৃণমূল কংগ্রেসের শাসনে অপশাসন ও দুর্নীতি চরমে পৌঁছেছে—এই অভিযোগে জেলার সাংবাদিকদের সামনে জনগণের চার্জশিট তুলে ধরতে চলেছে ভারতীয় জনতা পার্টি উত্তর দিনাজপুর জেলা নেতৃত্ব।আগামী ১৬ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ১টায়, রায়গঞ্জের এন.জি. রোডে বিজেপি জেলা কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে।

ওই সাংবাদিক সম্মেলনে উপস্থিত থাকবেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের মাননীয় সাংসদ কার্তিক চন্দ্র পাল এবং বিজেপি উত্তর দিনাজপুর জেলার সভাপতি নিমাই কবিরাজ।বিজেপি জেলা সূত্রে জানা গিয়েছে, ওই পাঁচটি বিধানসভা এলাকায় দীর্ঘদিন ধরে চলা দুর্নীতি, প্রশাসনিক ব্যর্থতা ও সাধারণ মানুষের উপর অত্যাচারের বিস্তারিত তথ্য তুলে ধরা হবে এই সাংবাদিক সম্মেলনে। পাশাপাশি তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের বিরুদ্ধে জনতার ক্ষোভ ও অভিযোগের চিত্রও সাংবাদিকদের সামনে উপস্থাপন করা হবে।বিজেপি উত্তর দিনাজপুর জেলার অফিস সেক্রেটারি রাজেশ বিশ্বাস জানান, জেলার সমস্ত সাংবাদিকদের এই গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলনে উপস্থিত থাকার জন্য সাদর আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি আশাবাদী, সাংবাদিকদের সহযোগিতায় এই কর্মসূচি সর্বাঙ্গীনভাবে সফল হবে।সব মিলিয়ে, আসন্ন এই সাংবাদিক সম্মেলনকে কেন্দ্র করে উত্তর দিনাজপুর জেলার রাজনৈতিক মহলে বাড়ছে উত্তেজনা।






