২৬-এর ভোট দোরগোড়ায়, একজোট হয়ে বুথস্তরে কাজ ও জনসংযোগ বাড়ানোর ডাক দিলীপ ঘোষের
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর | ৫ ফেব্রুয়ারি আগামী ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এখনই মাঠে নেমে পড়ার আহ্বান জানালেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি ও লড়াকু নেতা দিলীপ ঘোষ। বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের নজমু নাট্য নিকেতনে আয়োজিত বিজেপির বুথ বিজয় সম্মেলন থেকে তিনি স্পষ্ট বার্তা দেন—নির্বাচন আর দূরে নয়, তাই ঘরে বসে থাকার সময় শেষ।
সম্মেলনে উপস্থিত মণ্ডল কমিটির সদস্য, শক্তিকেন্দ্রের কর্মী, সমস্ত বুথ সভাপতি ও বিভিন্ন মোর্চার সভাপতিদের উদ্দেশে দিলীপ ঘোষ বলেন, “২৬-এর নির্বাচন চলে এসেছে দুয়ারে। এখন থেকেই বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ বাড়াতে হবে। বুথ স্তরকে শক্তিশালী করাই হবে জয়ের মূল চাবিকাঠি।”তিনি কর্মীদের নির্দেশ দেন, কেন্দ্রের মোদি সরকারের সমাজকল্যাণমূলক প্রকল্প—যেমন আবাস, স্বাস্থ্য, কৃষক কল্যাণ ও সাধারণ মানুষের জন্য নেওয়া বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ—সরাসরি মানুষের কাছে পৌঁছে দিতে হবে। মানুষের সঙ্গে সরাসরি সংযোগ বাড়িয়ে বিজেপির কাজ ও আদর্শ তুলে ধরার উপর জোর দেন তিনি।সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে তৃণমূল কংগ্রেস ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করতেও ছাড়েননি বিজেপির এই প্রাক্তন রাজ্য সভাপতি। দিলীপ ঘোষ বলেন, “মমতার দিল্লির নাটক পুরোপুরি ফ্লপ হওয়াতেই সাংবাদিক সম্মেলনে মুখ না দেখিয়ে তড়িঘড়ি কলকাতায় ফিরে গেছেন।”তিনি আরও বলেন, “কালো পোশাক পরলেই সুপ্রিম কোর্টে সওয়াল করা যায় না। সুপ্রিম কোর্ট তাঁকে যে পাত্তা দেয়নি, সেটা তিনি ভালো করেই বুঝে গেছেন।”দিলীপ ঘোষের অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় আদালত, সংবিধান বা নির্বাচন কমিশন—কোনও কিছুই মানতে চান না। এসআইআর প্রক্রিয়া যাতে যে কোনওভাবে বন্ধ করা যায়, সেই চেষ্টাও সুপ্রিম কোর্ট ব্যর্থ করে দিয়েছে বলে তিনি দাবি করেন।এই বুথ বিজয় সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপির উত্তর দিনাজপুর জেলা সভাপতি নিমাই কবিরাজ, প্রাক্তন জেলা সভাপতি নির্মল দাম, কালিয়াগঞ্জ পৌরসভার বিজেপি কমিশনার গৌরাঙ্গ দাস, অপূর্ব দাস-সহ বিজেপির একাধিক নেতা ও কর্মী।



