গ্রিনভিউ দ্বাদশ ইংরাজি বিদ্যালয়ের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতায় উচ্ছ্বাস বিন্দোলে
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ, ৩১ জানুয়ারি:উৎসবের আবহে শনিবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জ মহকুমার বিন্দোলে অনুষ্ঠিত হল গ্রিনভিউ দ্বাদশ ইংরাজি বিদ্যালয়ের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। রঙিন পতাকা, ব্যানার ও ছাত্রছাত্রীদের উচ্ছ্বাসে গোটা বিদ্যালয় প্রাঙ্গণ যেন পরিণত হয়েছিল এক আনন্দঘন ক্রীড়াঙ্গনে।এই ক্রীড়া প্রতিযোগিতায় গ্রিনভিউ দ্বাদশ ইংরাজি বিদ্যালয়ের অধিকাংশ ছাত্রছাত্রী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
দৌড়, লং জাম্প, শর্ট পুট সহ বিভিন্ন ট্র্যাক ও ফিল্ড ইভেন্টে ছাত্রছাত্রীদের প্রাণবন্ত অংশগ্রহণ দর্শকদের মন কেড়ে নেয়।বিদ্যালয়ের কর্ণধার শাজাহান আলী জানান,“আমাদের বিদ্যালয়ের মোট ২৭ জন ছাত্রছাত্রী এশিয়ান মিটে অংশগ্রহণ করেছে, যা আমাদের সকলের কাছেই অত্যন্ত গর্বের বিষয়।

খেলাধুলার মাধ্যমে ছাত্রছাত্রীদের সর্বাঙ্গীন বিকাশই আমাদের মূল লক্ষ্য।”তিনি আরও বলেন,“আজকের এই ক্রীড়া প্রতিযোগিতায় আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা প্রায় ১৫টি ইভেন্টে অংশগ্রহণ করেছে। বিদ্যালয়ের ক্রীড়া ঐতিহ্যকে আরও শক্তিশালী করতে অভিজ্ঞ ক্রীড়া কোচদের মাধ্যমে নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যাতে ভবিষ্যতে এখান থেকেই দক্ষ ও প্রতিষ্ঠিত ক্রীড়াবিদ উঠে আসে।”দিনভর প্রতিযোগিতা শেষে বিজয়ী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ ও শিক্ষক-শিক্ষিকারা। পুরস্কার বিতরণী পর্বে ছাত্রছাত্রীদের মুখে ছিল আনন্দ ও আত্মবিশ্বাসের ছাপ।এই বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে বিদ্যালয় চত্বর ও আশপাশের এলাকায় লক্ষ্য করা যায় ব্যাপক উৎসাহ ও উন্মাদনা। অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।গ্রিনভিউ দ্বাদশ ইংরাজি বিদ্যালয়ের এই ক্রীড়া প্রতিযোগিতা শুধু একটি অনুষ্ঠান নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে গড়ে তোলার এক অনুপ্রেরণামূলক উদ্যোগ বলেই মনে করছেন উপস্থিত সকলে।







