বিকশিত ভারতের পথে আরও এক ধাপ: কালিয়াগঞ্জে ভিবি-গ্রাম জি কর্মসূচিতে সাংসদ কার্তিক চন্দ্র পাল
গ্রামীণ কর্মসংস্থান ও আর্থিক সুরক্ষা জোরদার করার লক্ষ্যে বৃহস্পতিবার কালিয়াগঞ্জ বিধানসভার একাধিক অঞ্চলে অনুষ্ঠিত হলো কেন্দ্র সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ “বিকশিত ভারত রোজগার গ্যারান্টি এবং আজীবিকা মিশন (গ্রামীণ) – ভিবি-গ্রাম জি” কর্মসূচি। এই কর্মসূচি আয়োজিত হয় কালিয়াগঞ্জ বিধানসভার অন্তর্গত অনন্তপুর অঞ্চলের অনন্তপুর সংসদ, ধনকৈল অঞ্চলের বালাস সংসদ এবং রাধিকাপুর অঞ্চলের চাপইর সংসদে। অনুষ্ঠানে উপস্থিত থেকে সাধারণ মানুষকে প্রকল্পটির বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিতভাবে অবগত করেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল। সাংসদ কার্তিক চন্দ্র পাল তাঁর বক্তব্যে জানান, কেন্দ্র সরকারের এই প্রকল্পের মাধ্যমে গ্রামীণ পরিবারগুলিকে বছরে আগের ১০০ দিনের পরিবর্তে ১২৫ দিনের মজুরিভিত্তিক কাজের নিশ্চয়তা দেওয়া হচ্ছে।

এর ফলে গ্রামীণ এলাকার মানুষ আরও বেশি দিন নিশ্চিত রোজগারের সুযোগ পাবেন, যা তাঁদের জীবিকা ও আর্থিক নিরাপত্তাকে আরও মজবুত করবে। তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্র সরকার গ্রামীণ ভারতের উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। কাজের দিন বাড়ানোর এই সিদ্ধান্ত প্রমাণ করে যে সরকার সাধারণ মানুষের পাশে রয়েছে।” পাশাপাশি তিনি এই প্রকল্পকে ‘বিকশিত ভারত’ গড়ার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে উল্লেখ করেন। অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রামবাসীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, কাজের দিনের সংখ্যা বাড়লে গ্রামীণ অর্থনীতি আরও চাঙ্গা হবে এবং পরিযায়ী শ্রমিকদের শহরমুখী হওয়ার প্রবণতাও কমবে। সব মিলিয়ে, ভিবি-গ্রাম জি কর্মসূচির মাধ্যমে গ্রামীণ কর্মসংস্থান বৃদ্ধির পাশাপাশি সাধারণ মানুষের জীবনে স্থায়ী স্বস্তি ফিরবে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।






