শিক্ষা, সংস্কৃতি ও ঐতিহ্যের মিলনমেলা—রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজে ষষ্ঠ বর্ষের সরস্বতী পুজো উদযাপন 🌸🎓
রামকৃষ্ণ সাহা রায়গঞ্জ :-সরস্বতী পুজো উপলক্ষে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও সংলগ্ন হোস্টেলে পাঠ্যরত ছাত্র-ছাত্রীদের উদ্যোগে এ বছর ষষ্ঠতম বর্ষের পুজো অত্যন্ত আড়ম্বর ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো। সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আগত ছাত্র-ছাত্রীদের মিলনস্থলে রূপ নেয় এই পুজো প্রাঙ্গণ।এদিন সকাল থেকেই পুজোকে ঘিরে উৎসবের আমেজ চোখে পড়ে।

সরস্বতী পুজোর পাশাপাশি যথাযোগ্য মর্যাদায় পালিত হয় নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে মহান নেতার প্রতি সম্মান জানান ছাত্র-ছাত্রীরা।পুজোর থিমেও ছিল বিশেষ আকর্ষণ। দেবীর ‘কমললোচনে’ রূপ ও পদ্ম আকৃতির প্যান্ডেল দর্শনার্থীদের নজর কাড়ে। দুপুরে প্রসাদ বিতরণের পর কিছু সময় বিশ্রাম এবং তারপরে সন্ধ্যাবেলায় শুরু হয় নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। গান, নাচ, আবৃত্তির পাশাপাশি জুনিয়র ও সিনিয়রদের অংশগ্রহণে খেলাধুলার আয়োজনও ছিল উল্লেখযোগ্য।পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়, শিক্ষা ও সংস্কৃতির এই সুন্দর মেলবন্ধন ভবিষ্যতেও বজায় রাখাই তাঁদের লক্ষ্য। ছাত্রজীবনের ব্যস্ততার মাঝেও ঐতিহ্য ও সংস্কৃতিকে লালন করার এই প্রয়াস প্রশংসিত হচ্ছে সর্বমহলে।






