রায়গঞ্জে কি এবার ‘গ্ল্যামার’ যুদ্ধ? পদ্ম শিবিরে প্রার্থী হতে পারেন বলিউড তারকা, তুঙ্গে জল্পনা
তন্ময় চক্রবর্তী: ২০২৬-এর বিধানসভা নির্বাচনকে ঘিরে উত্তরবঙ্গের রাজনীতির এপিসেন্টার হয়ে উঠেছে রায়গঞ্জ। গত কয়েক দিন ধরে রায়গঞ্জের চায়ের দোকান থেকে শুরু করে রাজনৈতিক অন্দরমহলে একটি খবর দাবানলের মতো ছড়িয়ে পড়েছে— রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে এবার বিজেপির প্রার্থী হতে পারেন বলিউডের কোনো এক নামী তারকা। যদিও দলের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি, তবে এই ‘তারকা’ তত্ত্বকে ঘিরে জেলা জুড়ে শুরু হয়েছে জোর চর্চা।
রাজনৈতিক মহলের মতে, রায়গঞ্জ বরাবরই হেভিওয়েট প্রার্থীদের পছন্দের জায়গা। গত লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে বিজেপি বড় সাফল্য পেয়েছে। সেই ধারা বজায় রাখতে এবং জনমানসে বাড়তি আকর্ষণ তৈরি করতে বিজেপি নেতৃত্ব এবার গ্ল্যামার জগতকে কাজে লাগাতে চাইছেন বলে মনে করা হচ্ছে। শোনা যাচ্ছে, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের গুড বুকে থাকা এক বাঙালি বলিউড অভিনেতা বা অভিনেত্রীর নাম রায়গঞ্জের জন্য গুরুত্ব দিয়ে ভাবা হচ্ছে।

কেন এই তারকা প্রার্থীর জল্পনা? স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রায়গঞ্জে বিজেপির সাংগঠনিক শক্তি মজবুত হলেও অভ্যন্তরীণ কিছু রেষারেষি মাঝেমধ্যেই সামনে আসে। কোনো তারকা প্রার্থীকে সামনে আনলে সেই কোন্দল যেমন ধামাচাপা দেওয়া যাবে, তেমনই সাধারণ মানুষের মধ্যে বিশেষ করে তরুণ প্রজন্মের ভোটারদের আকর্ষণ করা সহজ হবে।
রায়গঞ্জ শহরের এক বিজেপি কর্মী নাম প্রকাশ না করার শর্তে বলেন,
“আমরা চাই এমন কেউ আসুক যাঁকে নিয়ে মানুষের মধ্যে উন্মাদনা থাকে। বলিউড থেকে কেউ এলে রায়গঞ্জের লড়াইটা অন্য উচ্চতায় পৌঁছে যাবে।”
তবে এই চর্চাকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস। শাসক শিবিরের দাবি, “পরিযায়ী প্রার্থী এনে রায়গঞ্জের মানুষের মন জয় করা যাবে না। মানুষ ঘরের ছেলেকে চায়, সিনেমার পর্দা থেকে আসা কাউকে নয়।”
এখন প্রশ্ন হলো, জল্পনা কি শেষ পর্যন্ত বাস্তবে রূপ নেবে? গেরুয়া শিবির কি সত্যিই কোনো ‘সারপ্রাইজ’ দেবে রায়গঞ্জবাসীকে? মুম্বাই থেকে উত্তরবঙ্গের প্রান্তিক শহরে সেই তারকার আগমনের অপেক্ষায় এখন প্রহর গুনছে রাজনৈতিক মহল।



![]()
