কালিয়াগঞ্জ গভঃ মডেল স্কুলে উৎসাহের সাথে পালিত হলো বার্ষিক ক্রীড়া উৎসব
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ: উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের মালগাঁওয়ে অবস্থিত ‘গভর্নমেন্ট মডেল ইংলিশ স্কুল’-এ অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শনিবার অনুষ্ঠিত হলো বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। এদিন প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যামাপ্রসাদ বন্দ্যোপাধ্যায়।বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রঞ্জন মোদক জানান, এবারের বার্ষিক ক্রীড়া উৎসবে বিদ্যালয়ের মোট ৮৪ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেছে।

দৌড়, উচ্চলম্ফ, দীর্ঘলম্ফসহ মোট ১৫টি বিভাগে ছাত্র-ছাত্রীরা তাদের ক্রীড়াশৈলী প্রদর্শন করে। এই ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে মালগাঁও ও পার্শ্ববর্তী এলাকার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী মকবুল হোসেন, স্থানীয় পঞ্চায়েত সদস্য নলিনী চন্দ্র রায়, শুভাশীষ বসাক এবং নিত্য রঞ্জন ঘোষ। দিনভর বিভিন্ন প্রতিযোগিতামূলক খেলা শেষে বিকেলে একটি পুরস্কার বিতরণী সভার আয়োজন করা হয়। সেখানে বিজয়ীদের হাতে ট্রফি ও শংসাপত্র তুলে দেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রঞ্জন মোদক ও অন্যান্য অতিথিবৃন্দ।বিদ্যালয় কর্তৃপক্ষের মতে, পড়াশোনার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য এই ধরণের ক্রীড়া প্রতিযোগিতা অত্যন্ত প্রয়োজনীয়। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানটি সম্পন্ন হওয়ায় প্রধান শিক্ষক সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন

![]()




